চায়ের দোকানে বেঞ্চে বসাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। গত শুক্রবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের বটতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মওলানা ভাসানী হলের নিয়ন্ত্রণাধীন উঁচু বটতলার এক চায়ের দোকানে চা খাচ্ছিল মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও ইংরেজি বিভাগের ৪৩ ব্যাচের ছাত্র মেহেদী হাসান। কয়েকজন বন্ধু এবং এক বন্ধুর অভিভাবক তখন তাঁর সঙ্গে ছিলেন। এ সময় মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মী ও বাংলা বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সুজন মাহমুদ তাঁকে সরে বসতে বলেন। এতে অস্বীকৃতি জানান মেহেদী। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানের ভেতরেই মেহেদীকে মারধর করেন সুজন। তখন বন্ধুর অভিভাবক ও উপস্থিত অন্যরা সুজনকে থামান। কিছুক্ষণ পর দোকান থেকে বের হন মেহেদী। বের হওয়ার সঙ্গে সঙ্গে দোকানের বাইরে অপেক্ষারত ভাসানী হলের ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী মেহেদীকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে মীর মশাররফ হোসেন ও মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতারা বটতলায় আসেন। সেখানে তাঁরা আলোচনার মাধ্যমে এর সমঝোতা করেন। প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘মেহেদীর অবস্থা এখন ভালো। লিখিত অভিযোগ পাইনি। শুনেছি সমঝোতা হয়ে গেছে।’
এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলা ও মানবিকী অনুষদের সামনে মানববন্ধন করেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।