কনসার্ট দেখার সময় আসনে বসাকে কেন্দ্র করে শিক্ষকের সামনেই এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় আজ সোমবার ছাত্রলীগের তিন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রক্টর কার্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭ তারিখের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিসংখ্যান বিভাগের অনুষ্ঠান উপলক্ষে গত শনিবার রাতে মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট দেখতে মুক্তমঞ্চের আসনগুলোর প্রথম চারটি সারি ওই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়। কিন্তু শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের দুই কর্মী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একই ব্যাচের সাব্বির আহমেদ নিয়ম ভেঙে দ্বিতীয় সারিতে বসে পড়েন। এ সময় পরিসংখ্যান বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র আনিস মাহমুদ সেখানে বসতে গেলে শামীম ও সাব্বির উল্টো তাঁকে বাধা দেন। এ নিয়ে আনিসের সঙ্গে ওই দুজনের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার পর শামীম ও সাব্বির মোবাইলে হলের অন্য ছাত্রলীগ কর্মীদের মুক্তমঞ্চে আসতে বলেন। ছাত্রলীগ কর্মীরা আসার পর পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সামনেই শামীম, সাব্বির ও রসায়ন বিভাগের ৪৩তম ব্যাচের রবিনের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী আনিসকে মারধর করেন।
ঘটনা সম্পর্কে শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কনসার্ট চলাকালে প্রায় ২০-২৫ জন ছেলে মুক্তমঞ্চে ঢুকে পড়ে। এরপর তারা বিভাগের শিক্ষার্থী আনিসকে ঘিরে ধরে। আমার সামনেই তাদের মধ্যে পাঁচ-ছয়জন তাকে বেধড়ক মারধর করে। আমি বাধা দিয়েও তাদের আটকাতে পারিনি।’
মারধরের শিকার ছাত্র আনিস মাহমুদ বলেন, এ ঘটনার পর গতকাল রোববার প্রক্টরের কাছে তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
যোগাযোগ করা হলে সাব্বির, শামীম ও রবিন তিনজনই মারধরের কথা অস্বীকার করেন। তবে রবিন ছাড়া অন্যরা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে জানান।