রাজশাহী মেডিকেল কলেজের ‘বন্ধ গেট’ এলাকায় দ্বন্দ্ব
এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত প্রতিবাদে দোকানে হামলা
রাজশাহী মেডিকেল কলেজের ‘বন্ধ গেট’ এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দ্বন্দ্ব থামছে না। গতকাল রোববার ওই এলাকায় কলেজের এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বন্ধ গেট এলাকার পাশের একটি দোকানে হামলা চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত ছাত্রের নাম ধীমান রায়। তিনি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি কলেজের পিঙ্কু ছাত্রাবাসের আবাসিক ছাত্র।
গতকাল সন্ধ্যায় নগরের রাজপাড়া থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। সেখানে পুলিশ অবস্থান করছে।
স্থানীয় লোকজন বলেন, গতকাল দুপুরে ধীমান বন্ধ গেট এলাকার মিন্টুর দোকানের সামনে দিয়ে টিউশনি থেকে ফিরছিলেন। এ সময় মিন্টুর ছেলে সওদাগর তাঁর ওপর হামলা চালান। এ খবর পেয়ে বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্ররা বন্ধ গেট পার হয়ে মিন্টুর দোকানে হামলা চালান। তাঁরা দোকান ভাঙচুর করে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করেন। দোকানের আসবাব রাস্তার ওপর নিয়ে এসে আগুন লাগিয়ে দেন। পুলিশের সামনেই তাঁরা এ হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাঁদের গেট পার করে মেডিকেল কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়।
এ বিষয়ে দোকানদার মিন্টু বা তাঁর ছেলে সওদাগর কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, ধীমান নগরের বহরামপুর এলাকায় টিউশনি করে ফিরছিলেন। এ সময় ওই গেটের পাশের বিলশিমলা এলাকার লোকজন তাঁর পরিচয় জানতে চায়। মেডিকেল কলেজের ছাত্রের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তারা হামলা করে। ধীমানের বগলের নিচে ছুরিকাঘাত করা হয়েছে। আঘাত চামড়ার নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত গেছে।
রাজশাহী মেডিকেল কলেজের উত্তর পাশের বিলশিমলা এলাকায় যাওয়ার একটি গেট ছিল। স্থানীয় লোকজনের সঙ্গে কলেজের ছাত্রদের দ্বন্দ্বের কারণে ১৯৮০-৮১ সালের দিকে গেটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ওই এলাকা বন্ধ গেট এলাকা নামে পরিচিতি পায়। পরে গেটটির ওপর দিয়ে পার হওয়ার জন্য একটি ওয়াকিং গেট করে দেওয়া হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বন্ধ গেটের পাশের একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।