নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘গরুচোর’ অপবাদ দেওয়া নিয়ে ঝগড়া চলাকালে বাঁশের আঘাতে আহত এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আবুল কালাম ওরফে আজাদ (৫০)। গত রোববার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন স্লুইসগেটে ব্লক ফেলার শ্রমিক হিসেবে কাজ করছিলেন কালাম, মো. ওয়াসিমসহ আরও কয়েকজন। কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
সূত্র জানায়, ঝগড়ার এক পর্যায়ে ওয়াসিম বাঁশ দিয়ে কালামের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, গরুচোর অপবাদ দেওয়া নিয়ে ঝগড়া চলাকালে ওয়াসিমের লাঠির আঘাতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।