এক সন্দেহভাজন গ্রেপ্তার, এলাকাবাসীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ–উন্নয়ন একাডেমি হাইস্কুলের সামনে শিক্ষার্থীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ–উন্নয়ন একাডেমি হাইস্কুলের সামনে শিক্ষার্থীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুলে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, গতকাল বিকেলে কুন্দেরপাড়া গ্রামের পার্শ্ববর্তী পাটদিয়ারা গ্রাম থেকে সন্দেহভাজন হিসেবে রনজু মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, সন্ত্রাসী তৎপরতা, নাশকতা, শত্রুতার জের—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আলামত যাতে নষ্ট না হয়, সে জন্য স্কুলভবনটি ঘিরে রাখা হয়েছে।

গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। জেলা মানবাধিকার ফোরাম, জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, জেলা মানবাধিকার নারী সমাজ, জেলা মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার সামাজিক উদ্যোক্তা দল, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। বক্তব্য দেন মানবাধিকার ফোরামের আহ্বায়ক আবু জাফর, কলেজশিক্ষক জহুরুল কাইয়ুম, জেলা সিপিবি সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ প্রমুখ। বক্তারা এই নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ ও পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম গতকাল দুপুরে স্কুলটি পরিদর্শন করেন।

গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে স্কুলের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন ও লাইব্রেরিসহ সাতটি শ্রেণিকক্ষ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব, শিক্ষা সরঞ্জাম এবং কয়েক শ এসএসসি ও জেএসসি পাস শিক্ষার্থীর সনদ পুড়ে যায়।