এক সপ্তাহে দুজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক সপ্তাহে দুজন অপহরণের শিকার হয়েছেন। এ ছাড়া সাবেক পৌর কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও জিডির বিবরণ অনুযায়ী, উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়ার বাবলু সরদার (২২) গত সোমবার সন্ধ্যায় সবজির বীজ কিনতে দৌলতদিয়া বাজারে গিয়ে আর ফেরেননি। এ ঘটনায় বুধবার রাতে জিডি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বাবলুর একজন আত্মীয় প্রথম আলোকে বলেন, বাবলু দৌলতদিয়া ঘাটে ঝালমুড়িসহ নানা পণ্য বিক্রি করতেন। সম্প্রতি ঘাটে কয়েক যুবকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে। অপহরণের এক দিন পর মুঠোফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে বাবলুকে হত্যার হুমকি দেওয়া হয়।

জিডির তদন্তকারী গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, বাবলুর ব্যবহৃত মুঠোফোনটির বর্তমান অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য চেয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।

এদিকে উপজেলার দেওয়ানপাড়া গ্রামের ফজের দেওয়ান ১৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। ফজের (৩২) পেশায় রাজমিস্ত্রি। পরিবারের অভিযোগ, একই এলাকার মাইনাল ফকির নামের (৩০) একজনের সঙ্গে পূর্ববিরোধের জেরে তাঁকে গুম করা হয়েছে। এ ঘটনায় শনিবার জিডি করার পরদিন মাইনালকে আটক করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার জিডিটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়।

 পৌরসভার সাবেক কাউন্সিলর প্রণব ঘোষকে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ না নিতে ১৭ অক্টোবর রাতে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। প্রণব বলেন, গত নির্বাচনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে তিনি মাত্র ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপরও তিনি সামাজিক কাজ, গণসংযোগ অব্যাহত রাখেন। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মুঠোফোনে তাঁকে বলেন, ‘নির্বাচনে অংশ নিলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। নাটক, সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন, তা নিয়েই থাকেন।’ পরদিন রোববার জীবনের নিরাপত্তা চেয়ে তিনি জিডি করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, তিনটি ঘটনারই খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।