মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক বাসযাত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৪৩ হাজার ৫০০ টাকা এক সপ্তাহেও ফেরত দেয়নি পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ চৌকিতে ২০ এপ্রিল রাতে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশির নামে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি-বিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসমাইল হোসেন (২৮) ও তাঁর সফরসঙ্গী এক বন্ধুকে নামিয়ে নেয় পুলিশ। এরপর মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ইসমাইলের ল্যাপটপের ব্যাগে থাকা ৪৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ নিয়ে ২৩ এপ্রিল প্রথম আলোতে ‘এ কেমন পুলিশি তল্লাশি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার চার দিন পর বগুড়ার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আমাকে ডেকে পাঠানো হয়। টাকা ফেরত পাওয়ার আশায় ২৬ এপ্রিল ঢাকা থেকে বগুড়ায় গিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করি। সব শোনার পর পুলিশ সুপার আমাকে লিখিত অভিযোগ করতে বলেন। ওই দিনই বগুড়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) আমার কাছ থেকে লিখিত অভিযোগ নেন। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে আমাকে বিদায় করা হয়।’
বগুড়ার এএসপি আবু আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাটি গণমাধ্যমে এলেও কেউ লিখিত অভিযোগ না করায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় ছিল না। এ জন্য ইসমাইলকে বগুড়ায় ডেকে তাঁর কাছ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।