এক সাংসদের সময় বরাদ্দ আরেকজনের সময় লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বেশির ভাগ প্রকল্পের কাজ না করেই গম আত্মসাতের ঘটনা ঘটেছে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদের নামে বরাদ্দকৃত গম বর্তমান সাংসদের সমর্থকেরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমি সাংসদ থাকাকালীন কাবিখা প্রকল্পের ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ পাই। প্রকল্প দাখিল করা হলে সেগুলো অনুমোদন দেয় জেলা ও উপজেলা প্রশাসন। কাজ শুরু না হতেই জাতীয় সংসদ নির্বাচন হয়। পরবর্তী সময়ে বর্তমান সাংসদ প্রভাব খাটিয়ে প্রকল্প কমিটি পাল্টে নিজের সমর্থকদের অন্তর্ভুক্ত করেন। তাঁরা কাজ না করেই এসব গম আত্মসাৎ করেছেন।’
বর্তমান সাংসদ আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকল্পের বরাদ্দ যাঁর আমলেই হোক, সেই প্রকল্প বাস্তবায়নের সময় যিনি সাংসদ থাকবেন, তিনিই পরিপত্র অনুযায়ী প্রকল্প কমিটি তৈরি ও অনুমোদন করবেন। আমি তাই করেছি। প্রকল্পের কাজও সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত হয়ে সাবেক সাংসদ ও তাঁর সমর্থকেরা এসব বলে অপপ্রচার চালাচ্ছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের সেপ্টেম্বরে সাবেক সাংসদের নামে বিশেষ কাবিখা কর্মসূচির আওতায় দ্বিতীয় দফায় ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ওই পরিমাণ গমের বিপরীতে ৩৩টি প্রকল্প দেখানো হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি উপজেলা ও জেলা প্রশাসন এসব প্রকল্প অনুমোদন দেয়। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনে মনোয়ার হোসেন চৌধুরী পরাজিত হন। ওই আসনে সাংসদ নির্বাচিত হন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নবনির্বাচিত সাংসদ প্রকল্প কমিটি পাল্টে তাঁর সমর্থক ও দলীয় লোকজনকে প্রকল্প দেন। গত ২৪ মার্চ এসব প্রকল্পের মেয়াদ শেষ হয়। সম্প্রতি অধিকাংশ প্রকল্প ঘুরে কাজের অস্তিত্ব মেলেনি। ভুয়া কাগজপত্র (মাস্টাররোল) দেখিয়ে বরাদ্দকৃত গম আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাটি দাখিল মাদ্রাসাসংলগ্ন পুকুর ভরাটে বরাদ্দ দেওয়া হয় নয় মেট্রিক টন গম।
মাদ্রাসার সুপার মিজানুর রহমান বলেন, পুকুর ভরাটে বরাদ্দ দেওয়া হলেও ২৮ আগস্ট পর্যন্ত কোনো কাজ করা হয়নি। ওই প্রকল্পের সভাপতি ও বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা শাখার সভাপতি জাহিদ হোসেন বলেন, সাংসদের ঘনিষ্ঠজন ও উপজেলা পরিষদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হোসেন প্রকল্প কমিটি পাল্টে গম আত্মসাৎ করেন। এভাবে তিনি শালমারা ইউনিয়নের চারটি প্রকল্পের ৩৬ মেট্রিক টন গম আত্মসাৎ করেছেন। শালমারা ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক আলমগীর হোসেন বলেন, গত নির্বাচনে বর্তমান সাংসদের পক্ষে যাঁরা কাজ করেননি, তাঁদের সাবেক সাংসদের দেওয়া প্রকল্প কমিটি থেকে বাদ দেওয়া হয়।
তবে মোহাম্মদ হোসেন বলেন, ‘প্রকল্প কমিটি পাল্টানো ও আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
গোবিন্দগঞ্জের পিআইও আবদুল মান্নান বলেন, ‘কিছু প্রকল্পে কাজ হয়নি। কেন হয়নি, বুঝতেই তো পারছেন।