সাড়ে ছয় মাস আগে এক হাজার ইয়াবা বড়িসহ ধরা পড়েন শামসুল আলম নামের এক ব্যক্তি। যথারীতি তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। নিম্ন আদালতে জামিন পেতে ব্যর্থ হয়ে শামসুল হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু আবেদনে ইয়াবার সংখ্যা কমিয়ে দেখান ২৭০টি। গত ১৭ জুলাই আসামির জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
জামিন পেয়েও শেষরক্ষা হয়নি শামসুলের। কারাগার থেকে মুক্তির আগেই বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তাঁর জামিন আবার বাতিল করেন হাইকোর্ট। তিনি এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ জানায়, টেকনাফ থেকে কম দামে ইয়াবা এনে শহরে বিক্রি করতেন শামসুল। গত ২৩ জানুয়ারি থানার মইজ্জারটেক এলাকা থেকে তাঁকে ধরা হয়। গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে শামসুলকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। গত ৩০ মে আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তারের পর শামসুলের জামিন আবেদন গত মে মাস পর্যন্ত মোট দুবার নিম্ন আদালত নামঞ্জুর করেন। এরপর শামসুল হাইকোর্টে যান। বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গত ৭ জুন শুনানি শেষে তাঁর জামিন আবেদনটি দুই মাসের জন্য ‘স্ট্যান্ড ওভার’ (পরে শুনানি হবে) দেন। কিন্তু দুই মাস শেষ হওয়ার আগেই ওই তথ্য গোপন করে শামসুল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন চান।
শামসুলের আইনজীবী মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, তিনি আসামির প্রথম আইনজীবী ছিলেন। হাইকোর্টে করা প্রথম আবেদনটি দুই মাসের জন্য ‘স্ট্যান্ড ওভার’ হওয়ার পর সেটি মীমাংসার আগেই তাঁর পরিবর্তে অন্য একজন আইনজীবীকে নিয়োগ দেন আসামি। ওই আইনজীবীর মাধ্যমে মহানগর দায়রা জজ আদালতে মিথ্যা হলফনামা দিয়ে গত ৫ জুলাই জামিন আবেদন করেন আসামি।
৫ জুলাই চট্টগ্রাম আদালতে জামিন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর ১৭ জুলাই তথ্য গোপন করে শামসুল হাইকোর্টের আরেকটি বেঞ্চের কাছে যান। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চে এবার জামিনের আবেদন করেন তিনি। আবেদনে বলা হয়, আসামির কাছ থেকে ২৭০টি ইয়াবা জব্দ করে পুলিশ। এ ছাড়া আবেদনের সঙ্গে কর্ণফুলী থানায় করা মামলার এজাহার, অভিযোগপত্রসহ যাবতীয় কাগজপত্রের অনুলিপি দেওয়া হয়। এসব কাগজপত্রেও এক হাজার ইয়াবার জায়গায় ২৭০টি ইয়াবার কথা উল্লেখ রয়েছে। শুনানি শেষে আদালত আসামি শামসুলের ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
এদিকে জামিনের পরপরই জালিয়াতির বিষয়টি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ আলম চৌধুরী। গত ৩১ জুলাই বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকদের কাছে তুলে ধরে জামিন বাতিলের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন বাতিল করেন এবং আগামী ১০ আগস্ট সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালতের আইনজীবী আবু বকরকে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। তিনি চট্টগ্রাম আদালতে শামসুলের পক্ষে ৫ জুলাই জামিন আবেদন করেছিলেন।
আইনজীবী আবু বকর প্রথম আলোর কাছে দাবি করেন, জালিয়াতির বিষয়টি তিনি জানতেন না। আসামি শামসুলের এক আত্মীয় মামলার অনুলিপি দিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করতে বলেছিলেন। কাগজপত্রগুলোতে ইয়াবার সংখ্যা ২৭০টি ছিল। আসামির আত্মীয় কে জানতে চাইলে তিনি চেনেন না বলে দাবি করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অনুলিপি শাখার প্রধান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, অনুলিপি শাখা থেকে মামলার নথি দেখে হুবহু অনুলিপি দেওয়া হয়। হেরফের থাকার কথা নয়।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার যাবতীয় কাগজপত্র জালিয়াতি করে আসামি শামসুলকে মুক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি।