প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল সোমবার সকালে এক হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ। তাঁরা হলেন শরিফুল ইসলাম (২৪) ও মোহাম্মদ সানি (২৫)। ঢাকার রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রেন গতকাল সকাল আটটায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ওই ট্রেন থেকে নামার পর শরিফুল ও সানির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে এক হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুজনের বরাত দিয়ে তিনি বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।