এক হাজার বৈদ্যুতিক পাখাসহ কাভার্ড ভ্যান আটক
বন্ড সুবিধা অপব্যবহারের অভিযোগে ১ হাজার ৮৬টি বৈদ্যুতিক পাখাসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার ভোরে পুরান ঢাকার নবাবপুর রোডের খান ইলেকট্রিক মার্কেট এলাকা থেকে খালাসের আগে ভ্যানটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, রপ্তানিযোগ্য এসব ফ্যান তৈরির কাঁচামাল বন্ড সুবিধার মাধ্যমে শুল্কমুক্তভাবে আমদানি করা হয়েছে। এগুলো দেশে খোলা বাজারে বিক্রি করা যায় না।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের একটি দল গতকাল রোববার দিবাগত রাত থেকে নবাবপুর রোড এলাকায় টহল দিচ্ছিল। পরে আজ ভোর ছয়টার দিকে নবাবপুর রোডের খান মার্কেটের সামনে থেকে একটি কাভার্ড ভ্যান থেকে ৩৩৫টি কার্টন থেকে ১ হাজার ৮৬টি বিভিন্ন সাইজের ফ্যান আটক করা হয়। কাভার্ড ভ্যান থেকে পাওয়া কাগজপত্র থেকে জানা যায়, চট্টগ্রামের রাইফেলস ক্লাব এলাকার ফ্যান বাজার নামের একটি দোকান থেকে ঢাকার মেসার্স সামিউল্লাহ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়।