একই অপরাধে একজনকে বহিষ্কার, অন্যজনকে সতর্কতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সহায়তার জন্য এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তবে একই অভিযোগ থাকা আরেক ছাত্রকে কেবল সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেই ওই ছাত্রকে শুধু সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, গত বছরের নভেম্বরে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সহায়তার অভিযোগে রিপন আলী ও সাজ্জাদ হোসেন নামের দুই ছাত্রকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিপন গণিত বিভাগ ও সাজ্জাদ বাংলা বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র। সাজ্জাদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। আর রিপন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তাই আটকের পর সাজ্জাদকে ছেড়ে দেওয়া হয়। পরে রিপন আলীকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। এক মাস কারাভোগের পর রিপন আলী জামিনে কারাগার থেকে বের হন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় রিপন আলীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আর সাজ্জাদ হোসেনকে শুধু সতর্ক করে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আইন সবার জন্য সমান, একই অপরাধে দুজনের বিরুদ্ধে দুই ধরনের ব্যবস্থা কোনো যুক্তিই আসে না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝা প্রথম আলোকে বলেন, ‘যেহেতু দুজনই অপরাধ করেছে তাই দুজনেরই সমান শাস্তি হওয়া উচিত, কিন্তু একজন আজীবন বহিষ্কার এবং আরেকজন ছাত্রলীগ করার কারণে সতর্ক করা হয়েছে। এতে সরাসরি প্রমাণিত হয় যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতনভাবেই এ ঘটনায় পক্ষপাতিত্ব করেছে। এটা কখনোই কাম্য নয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তবে কিছুদিন ধরে তাঁকে সংগঠনের মিছিল-সমাবেশে দেখা যায় না।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন-শৃঙ্খলা উপকমিটির সদস্যসচিব মাহবুবর রহমান বলেন, ‘পারিপার্শ্বিক অনেক বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অপরাধ এক হলেও একজনকে শাস্তি ও আরেকজনকে সতর্ক করার ব্যাপারে জানতে চাইলে প্রক্টর স্পষ্ট কোনো জবাব দেননি।