একই ইউড্রেন দেখিয়ে প্রতিবছর অর্থ উত্তোলন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালীগঞ্জের এই ইউড্রেন দেখিয়ে প্রতিবছর টাকা তোলা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কালীগঞ্জের এই ইউড্রেন দেখিয়ে প্রতিবছর টাকা তোলা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ইউড্রেনগুলো নির্মিত হয়েছে কয়েক বছর আগে। প্রতিবছরই এগুলো নতুন করে নির্মাণের প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করা হচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও রাখালগাছি ইউনিয়নে চারটি ইউড্রেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একটি চক্রের টাকা আত্মসাতের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
এর মধ্যে রাখালগাছিতে প্রকল্পের নথিতে ইউড্রেন আছে। অর্থ বরাদ্দও হচ্ছে। কিন্তু বাস্তবে ইউড্রেনের কোনো অস্তিত্ব নেই।
কালীগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের নথি ঘেঁটে দেখা যায়, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় এবং এলজিইডির টাকায় ওই দুই ইউনিয়নে চারটি ইউড্রেন (আরসিসি স্ল্যাবের ইউ আকৃতির ছোট কালভার্ট) নির্মাণ করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে রায়গ্রাম ও রাখালগাছি ইউনিয়নে চারটি ইউড্রেন নির্মাণের কথা বলে কালীগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দ থেকে চার লাখ টাকা নেওয়া হয়। ২০১৫-১৬ অর্থবছরেও ইউড্রেন নির্মাণের জন্য আরও চার লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়।
সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা জামতলার পাশের ইউড্রেন নির্মাণ হয়েছে ২০১২ সালে। এলজিইডির পক্ষ থেকে ওই সড়কে কাজ করার সময় ড্রেনটি তৈরি করা হয়। স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ বলেন, ইউড্রেনটি চার বছর আগে নির্মাণ করা হয়েছে। খামারমুন্দিয়া গ্রামের জামালের বাড়ির পাশে অপর ইউড্রেন নির্মিত হয়েছে ২০১৩-১৪ অর্থবছরে। জামাল জানান, ওই স্থানে অনেক পুরোনো ইউড্রেন ছিল। সেটা ভেঙে যাওয়ায় ইউপি থেকে সংস্কার করা হয়।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, তাঁরা সাড়ে ৭৮ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করেন। অথচ এখন জানতে পারছেন, ইউড্রেন নির্মাণের প্রকল্প দেখিয়ে এডিবির বরাদ্দ থেকে টাকা তোলা হচ্ছে।
রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি গ্রামে শ্যামের জমির পাশে একটি ইউড্রেন ২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপির টাকায় নির্মিত বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম। ৬৮ হাজার টাকা ব্যয়ে এটি নির্মিত। আর মোল্যাকুয়া গ্রামের আনিচুর রহমানের বাড়ির পাশে কোনো ইউড্রেন পাওয়া যায়নি। আনিচুর রহমান জানান, তাঁর বাড়ির পাশে কোনো ইউড্রেন হয়নি। অথচ নথিতে বলা হচ্ছে, এখানে ইউড্রেনের কথা বলে দুই অর্থবছর ধরে টাকা তোলা হচ্ছে।
রায়গ্রাম ইউনিয়নে ইউড্রেন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম এবং রাখালগাছি ইউনিয়নে প্রকল্পের সভাপতি সেখানকার ইউপি সদস্য স্বপন আলী। তাঁরা প্রথম আলোকে বলেন, এই প্রকল্প সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। তাঁদের যে সভাপতি করা হয়েছে তাঁরা সেটাও জানেন না। এমনকি তাঁরা কোনো স্বাক্ষর করেননি।
উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এসব প্রকল্প জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে। তারপরও দুই বছর একই প্রকল্প কীভাবে দেওয়া হলো, কীভাবে প্রকল্পের বিল উত্তোলন করা হলো তা খতিয়ে দেখা হবে।