একই কাজ বারবার দেখিয়ে বরাদ্দ আত্মসাত!
রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হকের বিরুদ্ধে একই কাজ বারবার দেখিয়ে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শহিদুলের বিরুদ্ধে ওই ইউপির নয় সদস্য এ অভিযোগ করেছেন। এ ঘটনায় ওই ইউপির সদস্যরা গত সোমবার জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই নয় ইউপি সদস্য হলেন শফিকুল ইসলাম, নজরুল ইসলাম (১), নজরুল ইসলাম (২), রুহুল আমিন, শামীম আখতার, সাবিনা ইয়াছমিন, নুরজাহান বেগম, মনোয়ার হোসেন ও বাবুল মিয়া। এদিকে শহিদুলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে গত শুক্রবার ওই ইউপি সদস্যরা থানায় জিডি করেছেন।
স্থানীয় সরকার রংপুর বিভাগের উপপরিচালক সুলতানা পারভীন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করতে গত বুধবার ডিসি তাঁকে নির্দেশ দিয়েছেন। তিনি আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, ২০১৬-২০১৭ অর্থবছরে কালুপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার সহায়তা কর্মসূচি (এলজিএসপি)-২-এর দ্বিতীয় কিস্তিতে ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ পাওয়া যায়। এ টাকায় নয়টি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে রয়েছে চারটি ইউ ড্রেন নির্মাণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একটি ল্যাপটপ ক্রয়, একটি মাদ্রাসায় টিনের ছাউনি ও বারান্দা নির্মাণ, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়টি টেবিল সরবরাহ, শিশুমৃত্যু রোধে প্রতিরোধক ওষুধ সরবরাহ ও প্রচারণা, ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলার সরঞ্জাম সরবরাহ।
লিখিত ওই অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান শহিদুল নয়টি প্রকল্পের মধ্যে সাতটির কাজ না করেই গত অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পকে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রকল্প দেখিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন। এ ছাড়া তিনটি প্রকল্পে ১ লাখ টাকার কাজ করে আরও প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।
এদিকে এ প্রতিবেদক ছয়টি প্রকল্পে সরেজমিনে খোঁজ নিয়ে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছেন।
কালুপাড়া-পুঁটিমারী গ্রামে যাওয়ার রাস্তায় একটি ইউ ড্রেন নির্মাণে বরাদ্দ ছিল ১ লাখ ৯৩২ টাকা। এই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, ইউ ড্রেনটি আগের অর্থবছরে করা। এটিকে চলতি অর্থবছরে করা হয়েছে উল্লেখ করে সাইনবোর্ড টাঙিয়েছেন চেয়ারম্যান।
নামাপাড়া শংকরপুর চেমটারপাড়া থেকে চান্দামারী যাওয়ার রাস্তায় একটি ইউ ড্রেন নির্মাণের প্রকল্প দেওয়া হয়েছে। এতে বরাদ্দ ছিল ১ লাখ ১৯ হাজার ৮১১ টাকা। ইউ ড্রেনটি থেকে ১০০ গজ দূরে রুবেল মিয়ার মুদি দোকান। তিনি বলেন, ‘এই ব্রিজটা দুই বছর আগে করা। একদিন সকালে দেখি ব্রিজটার ওপরে রেলিংয়ের কিছুটা ভাঙা। পরে চেয়ারম্যান আসি মিস্ত্রি নাগেয়া কয়টা ইট-সিমেন্ট দিয়া গাঁথি দিছে। সেইটাত নয়া করি একটা সাইনবোর্ডও নাগে দেছে।’
বৈরামপুর নামাপাড়া থেকে কবিরাজপাড়া যাওয়ার রাস্তায় ও শংকরপুর গণিরপাড়া থেকে পাঠানপাড়া যাওয়ার রাস্তায় দুটি ইউ ড্রেন নির্মাণের প্রকল্প রয়েছে। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ১ লাখ ৯৩ হাজার ৯৭১ টাকা। এলাকার কয়েকজন বলেন, ইউ ড্রেন দুটি দু-তিন বছর আগে করা। মাস খানেক আগে এ দুটির উপরিভাগের সামনের কিছু অংশের ইট ও প্লাস্টার রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দেয়। এরপর চেয়ারম্যান তা ঠিক করে দিয়ে নামফলক লাগিয়ে দেন।
গুটিরডাঙ্গা ও জামুবাড়ি ডুগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়টি টেবিল সরবরাহ করার একটি প্রকল্প ছিল। এখানে বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ টাকা। গুটিরডাঙ্গা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘আমি তো টেবিল পাইনি।’ অপরটির প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘আমার স্কুলে টেবিল বরাদ্দ ছিল, সেটা তো জানি না!’
শংকরপুর গুচ্ছগ্রামের মাদ্রাসার বারান্দার টিনের ছাউনি ও বারান্দা নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ লাখ টাকা। মাদ্রাসার মোহতামিম সফিউর বলেন, ‘মাদ্রাসায় ৪০-৫০ হাজার টাকার কাজ করে দিয়েছেন চেয়ারম্যান।’ ২ লাখ টাকার কাজ হয়েছে বলে সাইনবোর্ড টাঙানোর বিষয়ে তিনি বলেন, ‘চেয়ারম্যান জানিয়েছেন যে আগামী অর্থবছর পর্যন্ত ২ লাখ টাকার কাজ করে দেওয়া হবে।’
বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা সূত্র জানায়, চলতি অর্থবছরে এলজিএসপির আওতায় ইউপি চেয়ারম্যান গত ৬ ও ৩০ অক্টোবর ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা তুলে নিয়েছেন।
ইউপি চেয়ারম্যান শহিদুল গত মঙ্গলবার বলেন, ‘আমি প্রকল্পের টাকা তুলিনি।’ একই প্রকল্প বারবার বাস্তবায়ন দেখানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে পরে দেখা করব।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।