>

জঙ্গিবাদ, ধর্মান্ধতা নিয়ে লিখতেন নাজিম। ঢাকা ও সিলেটে বিক্ষোভ। রোববার ছাত্র ধর্মঘটের ডাক
৫ এপ্রিল রাত ৯টা ১০ মিনিটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন। এর ২৪ ঘণ্টা না পেরোতেই খুন হলেন তিনি। গত বুধবার পুরান ঢাকায় চাপাতি দিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় তাঁকে।
নাজিমের পরিবার ও বন্ধুদের ধারণা, ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসে নাজিম জঙ্গিবাদ, ধর্মান্ধতা ও সরকারের সমালোচনা করেছেন। এ ধরনের লেখালেখির কারণে তাঁকে খুন করা হতে পারে। পুলিশও মনে করছে, হত্যাকাণ্ডের পেছনে কোনো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করে মাত্র দুই মাস আগে ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সে (এলএলএম) ভর্তি হন নাজিম উদ্দিন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কাল শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ছয়জন অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক ও প্রকাশককে হত্যা করা হলো। এঁদের সবাইকে একই কায়দায় কোপানো হয়েছে।
যেভাবে ঘটনা ঘটে: গেন্ডারিয়ার রজনী চৌধুরী সড়কের একটি বাসার ছয়তলার একটি ফ্ল্যাটে নাজিম উদ্দিনসহ তিনজন থাকতেন। গতকাল বিকেলে ওই বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বাসার মালিক মহিউদ্দিন বলেন, ‘দুই মাস থেকে এই বাসায় ভাড়া থাকতেন নাজিম উদ্দিন। তাঁর মধ্যে কোনো উগ্রতা আমি দেখিনি।’
গতকাল দুপুরে ঘটনাস্থল একরামপুর মোড়ের ৩৬ হৃষিকেশ দাস সড়কে সুবর্ণা টেইলার্স নামের একটি দোকানের সামনে জমাট বাঁধা রক্তের দাগ দেখা যায়। দোকান কর্মচারী শ্যামল ঘোষ বলেন, ‘ঘটনার সময় দোকানেই ছিলাম। গুলির শব্দ শুনে বের হয়ে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় পাঁচ-ছয়জন যুবককে দৌড়ে পালাতে দেখি।’
ঘটনার সময় নাজিমের সঙ্গেই ছিলেন তাঁর বন্ধু সোহেল আহমেদ। সোহেলের বরাত দিয়ে আরেক সহপাঠী আরেফিন বলেন, ‘১৬ এপ্রিল আমাদের বনভোজনে যাওয়ার কথা ছিল। ক্লাস শেষে এ নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকানে যাই। এ সময় নাজিমসহ ১০-১২ জন ছিলাম। চা শেষ করে নাজিম ও সোহেল গেন্ডারিয়ার দিকে যায়। আমরা যার যার মতো চলে যাই। শুনলাম, রাত সাড়ে আটটার দিকে নাজিম লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে পৌঁছালে কয়েকজন যুবক হঠাৎ করে নাজিম উদ্দিনের পথরোধ করে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।’
সোহেলকে গতকাল পাওয়া যায়নি। তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা।
নাজিমের লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। তিনি বলেন, মাথায় কুপিয়ে ও গুলি করে নাজিম উদ্দিনকে হত্যা করা হয়। মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, হত্যার ধরন থেকে মনে হয়েছে, এটি পরিকল্পিত। এর পেছনে জঙ্গি-সংশ্লিষ্টতা থাকতে পারে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা: গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ছোট ছোট অংশে ভাগ হয়ে বিভিন্ন ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের জনসন সড়কের ওপর প্রায় ১৫টি টায়ার ও কাঠে আগুন জ্বালান তাঁরা। ফলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলে বেলা দুইটা পর্যন্ত।
ক্লাস বর্জন করে সহপাঠীদের নিয়ে আন্দোলন করছিলেন বাংলা বিভাগের ছাত্র সাব্বির হোসেন। তিনি বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচার হচ্ছে না। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে লেখালেখির কারণেই তাঁকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ডিসি বলেন, মামলার প্রস্তুতি চলছে। কিন্তু নিরাপত্তার কারণে পরিবারের কেউ বাদী হতে চাইছেন না। তাঁরা বাদী না হলে পুলিশ মামলা করবে।
ময়নাতদন্ত শেষে নাজিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে। নাজিমের ভাতিজা জাহিদুল হক বলেন, লাশ গ্রহণের জন্য তাঁর এক চাচা ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। মামলার প্রক্রিয়া শেষে রাতেই লাশ সিলেটে নেওয়া হবে।

বাড়ি ফেরার কথা ছিল নাজিমের: সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টুকাভড়াউট গ্রামে নাজিমের বাড়ি। পাঁচ ভাই ও দুই বোনের পরিবারে নাজিম চতুর্থ। বড় ভাই জুলহাস উদ্দিন ও বাবা আবদুস সামাদ মারা গেছেন। শামীম নামের তাঁর এক বড় ভাই ও ছোট ভাই জসিম উদ্দিন থাকেন লন্ডনে। আর মেজো ভাই সুনাম উদ্দিন ফ্রান্সের বাসিন্দা। গ্রামের বাড়িতে ছোট বোন নাছিমা বেগমকে নিয়ে মা তয়রুন নেসা (৬০) থাকেন।
গ্রামের বাড়িতে সর্বশেষ জানুয়ারি মাসে এসেছিলেন তিনি। তবে দুদিন আগে ছোট বোন নাছিমা বেগমকে ফোনে জানান, বৃহস্পতিবার বাড়ি ফিরছেন। গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, মা তয়রুন নেসা বাড়িতে রাখা নাজিমের কলেজ জীবনের স্কাউটের একটি বাঁধাই করা ছবি হাতে নিয়ে নির্বাক তাকিয়ে আছেন। থেমে থেমে বলছেন, ‘আমার পুয়ারে কে মারল বা! কেনে মারল...!’
বড় বোন পারুল বেগম বলেন, রাতেই নাজিম খুন হওয়ার খবর আসে। তবে তাঁদের (মা ও বোন) জানানো হয় কাল সকালে। পারুল বলেন, ‘ভাই তো একটাই আছিল দেশও। তারে হারাইয়া বিদেশ থাকা ভাইরা তো পাগল অই গেছইন!’
নিন্দা, বিক্ষোভ: অনলাইন অ্যাকটিভিস্ট ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী নাজিম উদ্দিন হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নাজিম হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইন ও সালিশ কেন্দ্রও (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, অতীতেও এ ধরনের ঘটনাগুলোতে ব্যবস্থা নিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাজিম উদ্দিনের ভাই শামীম উদ্দিন বিবিসিকে বলেছেন, ‘আমাদের বাবা নাই, আমরা দুই ভাই লন্ডনে। দুই বোন এবং অসুস্থ মাকে দেখাশোনার জন্য তার ওপরই আমরা ভরসা করতাম।’ ভাইয়ের মৃত্যুর জন্য কাকে দায়ী করেন তিনি—এ প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে শামীম উদ্দিন বলেন, ‘যারা মেরেছে তাদেরই দায়ী করব...ইসলাম তো নষ্ট হয় না, নষ্ট হয় মানুষ।’
মামলার বাদী পুলিশ: গতকাল রাতে সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। এতে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে মামলার বাদী এসআই নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ বাদী হতে রাজি না হওয়ায় পুলিশ মামলার বাদী হয়েছে।
লাশ হস্তান্তর: রাত ১১টার পর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘর থেকে লাশ গ্রহণ করে তা দাফনের জন্য সিলেটের বাড়িতে নিয়ে গেছেন।