একই গ্রামে দুই বাল্য বিবাহ, দুই বরের কারাদণ্ড
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একই গ্রামে আজ শুক্রবার দুইটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত দুই বরকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার পলাশ ইউনিয়নের তরঙ্গীয়া গ্রামের নবী হোসেন (২১) ও কেজাউড়া গ্রামের সুহেল আহমদ (২২)।
বিশ্বম্ভরপুর থানার পুলিশ জানায়, শুক্রবার পলাশ ইউনিয়নের পূর্ব মেরুয়াখলা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর (১৬) বিয়ের অনুষ্ঠান চলছিল। বর নবী হোসেন বিকেলে কনের বাড়িতে যান। খবর পেয়ে পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জসিম উদ্দিন ওই বাড়িতে যান। পুলিশ নবীকে আটক করে নবী হোসেনকে ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায়।
প্রায় একই সময়ে পুলিশ একই গ্রামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করতে যাওয়া সুহেলকে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জসিম উদ্দিন। তিনি নবী হোসেনকে সাত দিন ও সুহেলকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সময়ে নবী হোসেনের বাবা সিরাজুল ইসলাম ও কনের (যার সঙ্গে নবী হোসেনের বিয়ে ঠিক হয়েছিল) ভাই আবু হানিফকে এক হাজার টাকা করে জরিমানা করেন তিনি। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, নবী হোসেন ও সুহেল আহমদ বর্তমানে থানা হাজতে আছেন। আগামীকাল শনিবার তাঁদের কারাগারে পাঠানো হবে।