পাবনার ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের তিন ভাইয়ের সঙ্গে একই দিনে আরও দুজন নিখোঁজ হন বলে জানা গেছে। একই কায়দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁদের পরিবারের লোকজন।
নিখোঁজ এই দুজন হলেন উপজেলা সদরের থানাপাড়া মহল্লার জুলু প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (২৫) ও ফরিদপুর ইউনিয়নের সাভার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে দুলাল হোসেন (৩৫)। রনির বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। দুলাল সাভার গ্রামের যুবদল নেতা লিটন হত্যা মামলার আসামি। তিনি সম্পর্কে নিখোঁজ তিন ভাইয়ের ভগ্নিপতি। তাঁকে তুলে নেওয়া হয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে।
খাগরবাড়িয়া গ্রামের কৃষিশ্রমিক তিন ভাই টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫) ও সাদ্দাম সরদারকে (২০) গত ১১ মে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তাঁদের পরিবারের দাবি। এ নিয়ে ২২ মে প্রথম আলোয় ‘পাবনায় তিন ভাই ১১ দিন ধরে নিখোঁজ: আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
গত ১৩ দিনেও নিখোঁজ এই পাঁচজনের হদিস মেলেনি। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার, স্বজন ও গ্রামবাসী। তাঁদের খুঁজে বের করার দাবিতে আজ মঙ্গলবার সমাবেশ করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
নিখোঁজ রনির বাবা জুলু প্রামাণিক বলেন, ১১ মে রনি বাড়িতেই ছিলেন। ভোর পাঁচটার দিকে কয়েকজন লোক এসে তাঁকে ডাকতে থাকেন। জুলু প্রামাণিক বাইরে এসে দেখতে পান, সবাই কালো পোশাকধারী। রনি ঘর থেকে বের হওয়া মাত্রই তাঁরা তাঁকে ধরে নিয়ে চলে যান। এরপর থেকে জুলু থানা-পুলিশসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও ছেলে রনির কোনো খোঁজ পাননি।
তিন সহোদরের বাবা আবদুল করিম সরদার একই দাবি করেন, একই কায়দায় তাঁর তিন ছেলেকে তুলে নেওয়া হয়। জামাতা দুলাল হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। করিম সরদার গতকাল সোমবার বলেন, ছেলেদের ধরার আগেই তাঁর জামাতাকে ধরা হয়েছে। সেই অভিযানে সাদাপোশাকধারী ছয়জন লোক ছিলেন। তাঁরা উল্লাপাড়ায় এক আত্মীয়ের বাসা থেকে দুলালকে তুলে নেন।
এ প্রসঙ্গে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পাঁচজন নিখোঁজ হওয়ায় আমরাও বেশ চিন্তিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি দপ্তরেই খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাঁদের বিষয়ে কোনো তথ্য মেলেনি। ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিভিন্ন সূত্র ধরে তাঁদের খোঁজ করা হচ্ছে।