একই দোকানে সার ও খাদ্য বিক্রি, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় একই দোকানে সার ও কীটনাশক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত ওই দোকানঘর সিলগালা করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার আদালত ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ জানান, অনুমোদন ছাড়াই সার কীটনাশক বিক্রি ও একই ঘরে খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগ পেয়ে গতকাল দুপুরে দানগাছি গ্রামের ব্যবসায়ী ওয়ারেজ আলী ওরফে বাবুর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও পুলিশ অংশ নেয়। অভিযান চলাকালে ব্যবসায়ী দোকানে ছিলেন না। পরে কোনো বৈধ কাগজপত্র না পেয়ে ও সার কীটনাশকের সঙ্গে খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে ব্যবসায়ীকে তিনি এক লাখ টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়ীকে না পেয়ে বিকেল পাঁচটার মধ্যে নির্বাহী হাকিমের দপ্তরে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। বিকেল পাঁচটার কিছুক্ষণ পর জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে।
ব্যবসায়ী বাবু ও তাঁর মা লাইলী বেগম অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ সময় বাধা দিলে লাইলী বেগমকে লাঞ্ছিত করা হয়। তবে নির্বাহী হাকিম আসিফ মাহমুদ অভিযোগ অস্বীকার করেন।