একই পরিবারের চারজন অজ্ঞান, মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীর খলিশাদহ গ্রামে বাড়ির সদস্যদের অচেতন করে মালপত্র লুট করা হয়। তাঁদের মধ্যে শিমু নামের এক অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। তাঁকে আলট্রাসনোগ্রাফি কক্ষে নেওয়া হচ্ছে। ছবিটি আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ার কুমারখালীর খলিশাদহ গ্রামে বাড়ির সদস্যদের অচেতন করে মালপত্র লুট করা হয়। তাঁদের মধ্যে শিমু নামের এক অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। তাঁকে আলট্রাসনোগ্রাফি কক্ষে নেওয়া হচ্ছে। ছবিটি আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ার কুমারখালীতে রাতের খাবার খেয়ে জ্ঞান হারিয়েছেন একই পরিবারের চারজন। এই সুযোগে সোনার গয়না, টেলিভিশনসহ বাড়ির মালামাল লুট করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কয়া ইউনিয়নের খলিশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে বাড়ির গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না।
অসুস্থ চারজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন শহিদুল ইসলাম মোল্লা (৬৫), রুবি আক্তার (৩২), শিমু আক্তার (৩০) ও সাবিনা আক্তার (৩০)।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আশরাফুল হাসানের ভাষ্য, আজ সকাল সাড়ে সাতটার দিকে চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, তাঁরা খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত কি না, এ মুহূর্তে বলা যাচ্ছে না।
প্রতিবেশীদের বরাত দিয়ে কুষ্টিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, গতকাল শহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অচেতন হয়ে যান। সকালে ঘরে থাকা সোনার গয়না, ল্যাপটপ, টেলিভিশনসহ অন্যান্য মালপত্র পাওয়া যায়নি। বাড়ির গৃহকর্মীকেও পাওয়া যায়নি। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। প্রতিবেশীরা তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এসআই হাবিবুর বলেন, পুলিশ ওই বাড়িতে গেছে। ধারণা করা হচ্ছে, রাতের খাবারে গৃহকর্মী বিষাক্ত কিছু মিশিয়ে ছিল। এর বিষয়ক্রিয়ায় বাড়ির সদস্যরা অচেতন হয়ে পড়ে। পরে মালামাল নিয়ে গৃহকর্মী পালিয়ে যায়। এই কাজে এক বা একাধিক ব্যক্তি তাঁকে সহযোগিতা করতে পারেন। দেড় মাস আগে ওই গৃহকর্মী বাড়িতে কাজ নেন। তাঁর বাড়ি মাগুরায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।