একই পরিবারের চারজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শনিবার একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লাকজন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বাসাবো গ্রামের আসাদ মিয়ার সঙ্গে একই গ্রামের শরীফ হোসেন ও আরিফ হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে প্রথমে আসাদ ও শরীফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শরীফ ও আরিফের নেতৃত্বে আনোয়ার হোসেন, কামাল হোসেন, জামাল মিয়াসহ ৮-১০ জন একত্র হয়ে রামদা, লোহার রড, চাপাতি, শাবল, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পিটিয়ে ও কুপিয়ে আসাদ মিয়া, তাঁর মা সুফিয়া বেগম, স্ত্রী আফরোজা আক্তার ও ভাই শাহজালাল মিয়াকে গুরুতর আহত করেন। পরে তাঁদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহজালাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

আহত আসাদ মিয়া বলেন, ‘আমাদের জমি দখল করার চেষ্টা চালান আরিফ হোসেন ও তাঁর সহযোগীরা। আমরা এতে বাধা দিলে তাঁরা আমাদের পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন।’

আরিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় থানায় আসাদ গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন।