একই পরিবারের চারজনকে হত্যার আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামে একই পরিবারের চারজনকে হত্যার মামলার আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী থেকে ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা হাফিজুরকে গ্রেপ্তার করেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লবণকোঠা গ্রামে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী পারুল আক্তারকে (২৬) মাথায় দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় দুই মেয়ে জিনিয়া (৬) ও রিভাকে নাকে ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদে হাফিজুর চারজনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভালুকা থানার পুলিশ ও ডিবি নেত্রকোনা থেকে হাফিজুরের স্ত্রী হোসনা, হোসনার বোন জোছনা ও জোছনার স্বামী রফিকুল ইসলামকে আটক করে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে ডিবি টঙ্গীর এরশাদনগর থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাফিজুরের বাড়ি যশোর সদর উপজেলার মৌজেবালী গ্রামে। প্রায় তিন বছর আগে তিনি ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করতে আসেন। তখন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে ঘনিষ্ঠতা। এক বছর আগে নিহত রফিকুল ইসলাম হাফিজুরের কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা শোধ না করায় রফিকুলকে সপরিবারে হত্যা করেন হাফিজুর।
পুলিশের দাবি, ১৫ ডিসেম্বর রাতে হাফিজুর প্রথমে বাড়ির বাইরে বসে থাকা রফিকুলকে একটি দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেন। পরে একই দা দিয়ে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা রফিকুলের স্ত্রী পারুলকেও হত্যা করেন। শেষে দুই মেয়ে জিনিয়া ও রিভাকে নাকে-মুখে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে হাফিজুর একাই চারজনকে হত্যা করার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে হত্যার কাজে ব্যবহৃত ‘দা’ সাংবাদিকের দেখানো হয়। এটি হত্যার আলামত হিসেবে ১৬ ডিসেম্বর পারুলের বিছানার নিচ থেকে পুলিশ উদ্ধার করে।
সংবাদ সম্মেলন শেষে অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন বলেন, সব হত্যাকাণ্ড যে হাফিজুরই ঘটিয়েছেন, তা কিছু আলামত ও তথ্যের ভিত্তিতে আগেই অনুমান করা হয়েছিল। হাফিজুর তাঁর অপরাধ স্বীকার করে বক্তব্য দেওয়ার পর ব্যাপারটি নিয়ে আর কোনো সন্দেহ নেই।