৯ জনকে অচেতন করে মাল নিয়ে ভাগল ভাড়াটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই পরিবারের নয়জনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে ভাড়াটে। কুতুবপুর, নারায়ণগঞ্জ। ৪ মার্চ। ছবি: প্রথম আলো
একই পরিবারের নয়জনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে ভাড়াটে। কুতুবপুর, নারায়ণগঞ্জ। ৪ মার্চ। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে একটি ফ্ল্যাট বাড়িতে একই পরিবারের নয়জনকে দাওয়াত দিয়ে খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে ভাড়াটে। অচেতন নয়জনের মধ্যে তিনজন শিশু।

আজ বুধবার সকালে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশের ধারণা, খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে তাঁদের অচেতন করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার একতা হাউজিং সোসাইটিতে সেনাবাহিনীর অফিস সহকারী আলী আহাম্মদের ফ্ল্যাট বাড়ির চারতলার ভাড়াটে তাঁদের গতকাল মঙ্গলবার রাতে দাওয়াত দেন। বাড়ির মালিক আলী আহাম্মদসহ তাঁর পরিবারের নয়জন ভাড়াটের চারতলার ফ্ল্যাটে গিয়ে দাওয়াত খান। পরে নিজেদের ফ্ল্যাটে ফিরে তাঁরা অচেতন হয়ে পড়েন।

আজ বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির মালিক আলী আহাম্মদের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। পরে তাঁরা ভেতরে গিয়ে দেখেন, পরিবারটির সদস্যরা অচেতন পড়ে আছেন। বিভিন্ন কক্ষের দরজা ভাঙা, ভেন্টিলেটর ভাঙা, আলমারির বিভিন্ন মালামাল এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর থেকে চারতলা ফ্ল্যাটের ভাড়াটে পলাতক।

ভাড়াটের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, পুরোনো ভাড়াটে চলে যাওয়ার পর নতুন এই ভাড়াটে ওই ফ্ল্যাট ভাড়া নেয়।

হাসপাতালে চিকিৎসাধীন সদস্যরা হলেন আলী আহাম্মদ (৭০), তাঁর স্ত্রী আমিরুন নেছা (৬০), মেয়ে জোহরা বেগম (৪০), পুত্রবধূ কামরুন নাহার (৩০), সৌদিপ্রবাসী ছেলে ইমাম হোসেনের যমজ দুই সন্তান আলী হোসেন (৯) ও নুর জান্নাত (৯), মেয়ে জোহরার সন্তান সালমা (২১), হাবিবা (১৯) ও সুমাইয়া (৬)।

রোখসানা নামের এক স্বজন জানান, আলী আহাম্মদ সম্পর্কে তাঁর ফুপা হন। তিনি পাশের বাড়িতে থাকেন। সকালে এসে তিনি ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। ঘরের সব মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। বাসার লোকজন অচেতন হয়ে পড়ে ছিলেন বিভিন্ন কক্ষে। কেউ কেউ বমি করছিলেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী জোবায়ের বলেন, খবর পেয়ে এসে তাঁরা দেখতে পান, ফ্ল্যাটের সব কটি দরজা ভাঙা। আলমারি ভাঙা। বিভিন্ন জিনিসপত্র ফ্লোরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, বাড়ির মালিকসহ পরিবারের লোকজনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। মালামাল লুট করে নিয়ে পালিয়ে গেছে ভাড়াটে। ঘটনাটি ডাকাতি নয়, চুরি বলে দাবি করেন তিনি।

ওসি বলেন, ভাড়াটেদের তথ্য ফরম পূরণ করে থানায় দেওয়ার নিয়ম থাকলেও বাড়িওয়ালা তা করেননি। ভাড়াটে সম্পর্কে তথ্য পেতে হলে বাড়িওয়ালা আলী আহাম্মদের জ্ঞান ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।