একই রশিতে দুই লাশ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রামে একই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে দুর্গাপুর থানা-পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত দুজন হলেন আমগ্রামের আব্দুল মজিদের ছেলে খাদেমুল ইসলাম খোকন (১৭) ও একই গ্রামের আবু সাঈদের স্ত্রী টিনা মনি (২৩)। সম্পর্কে তারা নানি-নাতি। এদের মধ্যে খোকন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে করলেও নিহত খোকনের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, আবু সাঈদের বাড়ির পাশের একটি আমগাছে মৃতদেহ দুটি পাওয়া যায়। একই রশির দুই পাশে দুজনের গালায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ দুটি ঝুলছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যর (ইউডি) একটি মামলা দায়ের করা হয়েছে। তবে খোকনের বাবা হত্যার অভিযোগ দিলে সেটিও আমলে নেওয়া হবে।