একই স্থানে সাংসদপক্ষ ও আ.লীগের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্বতন্ত্র সাংসদের পক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ একই জায়গায় একই সময়ে সভা ডাকায় গতকাল মঙ্গলবার প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ঘাড়ুয়া ইউনিয়নের শরিফাবাদ হাটখোলা মাঠ এলাকা, শরিফাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ ও ঘাড়ুয়া চার রাস্তার মোড় এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এলাকাবাসী সূত্র জানায়, আসন্ন ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত প্রার্থী আল হাবিবের পক্ষে গতকাল বিকেল চারটায় শরিফাবাদ হাটখোলা মাঠ এলাকায় সভা আহ্বান করা হয়। সোমবার সকাল থেকে এ ব্যাপারে মাইকযোগে প্রচার চালানো হয়। একই জায়গায় একই সময়ে কর্মী সমাবেশ ডেকে ইউনিয়ন আওয়ামী লীগ বিকেল থেকে মাইকে প্রচার শুরু করে। এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, দুপক্ষ একই সময়ে একই জায়গায় সভা ডাকায় এলাকার শান্তি রক্ষার জন্য ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সাংসদ মজিবুর রহমানের সহকারী একান্ত সচিব জিয়াউল করিম বলেন, ‘আমরা চার দিন আগে জনসভা করার ঘোষণা দিয়েছি। এতে সাংসদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। এর দুই দিন পর স্থানীয় আওয়ামী লীগ আমাদের সভা পণ্ড করতে পাল্টা সমাবেশ ডাকে। তবে সাংসদ নিক্সন চৌধুরী আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছি, ১৪৪ ধারা ভঙ্গ করিনি। তবে দুঃখ হচ্ছে, এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ আমাদের তিনটি সমাবেশ একই কায়দায় ভন্ডুল করে দিল।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়া বলেন, ‘আমরা সাংসদের আগে ওই জায়গায় সভা আহ্বান করেছি। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’