একজন উদ্ধার, আরেকজনের পাওয়া গেল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর থেকে অপহৃত হয়েছিলেন এক কলেজ ছাত্রসহ দুজন। যাঁদের একজন আরিফুল ইসলামকে (২৪) গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা গেলেও অপরজন আকিমুল ইসলামের (২৩) লাশ পাওয়া গেছে।
আরিফুলকে শৈলকুপা থেকে উদ্ধার করেছে পুলিশ। আর আকিমুলের লাশ পেয়েছে মহেশপুরের হলদেপাড়া গ্রামের মাঠে একটি গমখেতে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, আরিফুল ইসলামকে উদ্ধারের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন অপহরণকারী দলের সদস্য আশরাফুল ইসলাম (৩২)। তিনি একই উপজেলার নলখোলা গ্রামের আকিব উদ্দিনের ছেলে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আর আকিমুল ইসলামের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে কলেজছাত্র আরিফুল ইসলাম নিজ এলাকা থেকে অপহৃত হন। পরদিন একটি মুঠোফোন থেকে পরিবারের লোকজনের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। অপহরণকারীরা টাকা নিয়ে শৈলকুপার একটি স্থানে দেখা করতে বলে। এই খবরের পর অপহৃত ব্যক্তির পরিবার শৈলকুপা থানার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ মুঠোফোনের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে তারা অভিযান চালিয়ে শৈলকুপার হরিহারার একটি ইটভাটা এলাকা থেকে আরিফুল ইসলামকে উদ্ধার করে। উদ্ধারের সময় অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে অপহরণকারী দলের সদস্য আশরাফুল ইসলাম আহত হন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অপহরণকারী আশরাফুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে আকিমুল ইসলাম অপহৃত হন। তাঁকে অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ করে বাড়ি থেকে বাইরে বের করে অপহরণ করে। গতকাল বৃহস্পতিবার সকালে হলদেপাড়া গ্রামের মাঠে একটি গমখেতে তাঁর লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, খেতে কাজ করতে যাওয়া লোকজন মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে তাঁরা মৃতদেহটি উদ্ধার করেন। দু-এক দিনের মধ্যে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।