বান্দরবানের শহরতলিতে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গতকাল রোববার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মুমূর্ষু অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি এখনো জ্বরে ভুগছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
পুলিশ ও গৃহবধূর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার রাতে রামজাদির দক্ষিণ পাশে বাগানের একটি খামারবাড়িতে সাত-আটজনের একদল দুর্বৃত্ত পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এলাকাটি জেলা শহরতলি হলেও রোয়াংছড়ি উপজেলায় পড়েছে বলে পুলিশ জানায়।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, দুর্বৃত্তরা বন বিভাগের লোকজন পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে স্বামীকে তাড়িয়ে দিয়ে তাঁকে বেঁধে ফেলে পাশবিক নির্যাতন চালায়। তিনি মোহাম্মদ ইউনুছ (২৮), আবদুস শুক্কুর (৩০), রুবেল (২২), মনির (২০) ও আবুল ওরফে আবুল্যাকে চিনতে পেরেছেন। অন্য তিনজনকে চিনতে পারেননি।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রূপন চন্দ্র দাশ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক। অজ্ঞাতনামা তিনজনসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে আবুল ওরফে আবুল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।