রাজধানীর খিলগাঁও থানা এলাকায় স্কুলছাত্রী উম্মে কুলসুম রিতুর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মো. বিল্লাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে খিলগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ সেপ্টেম্বর খিলগাঁওয়ের নন্দীপাড়ার ছোট বটতলার বাসায় কীটনাশক পান করে আত্মহত্যা করে স্থানীয় ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কুলসুম। পরিবার ও শিক্ষকেরা তখন জানিয়েছিলেন, শিমুল নামের এক বখাটে ও তার বন্ধুদের উত্পাতের কারণে কুলসুম আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, গতকাল গ্রেপ্তার হওয়া বিল্লাল মূল অভিযুক্ত শিমুলের বন্ধু। বিল্লালও মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করেছিলেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কুলসুমের আত্মহননের ঘটনায় মূল অভিযুক্ত চারজন। এরা হলেন শিমুল, রফিক, জিয়াদ ও বিল্লাল। রফিক ও জিয়াদকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। শিমুল পলাতক।