একজন গ্রেপ্তার, গ্রামে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে দুটি হাতি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে হাতি হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন, থানায় মামলা হওয়া ও একজনকে গ্রেপ্তারের পর পুরো গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই গ্রামছাড়া। যাঁরা আছেন, তাঁরা ঘটনার ব্যাপারে মুখ খুলছেন না।
১০ অক্টোবর থেকে সন্ধ্যার পর ভারতের মেঘালয়ের বালুঘাট পাহাড়ি এলাকা থেকে হাতির পাল মাখনের চর গ্রামসহ তিনটি গ্রামে ঢুকতে থাকে। সারা রাত ফসলি জমি নষ্ট করে সকালের দিকে হাতির পাল চলে যায়। চেষ্টা করেও তাড়াতে পারেনি গ্রামবাসী। পরে গ্রামবাসী মাখনের চর গ্রামের একটি ধানখেতে জেনারেটর দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ দেয়। গত শনিবার রাতে হাতির পাল ওই খেতে গেলে দুটি হাতি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। আর শেরপুর বন বিভাগের কর্মকর্তা মামুনুর রশিদ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার বেলাল মাখনের চর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর গতকাল তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। ওসি বলেন, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে হাতি হত্যার ঘটনার পর অভিযোগ ওঠে, এক সপ্তাহ ধরে হাতির পাল গ্রামগুলোতে ঢুকে ফসলি জমি নষ্ট করলেও তাদের তাড়াতে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি।
এ ব্যাপারে গতকাল মামলার বাদী বন কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, আগেও বেশ কয়েকবার হাতির পাল ওই গ্রামগুলোতে ঢুকেছিল। তখন গ্রামবাসীকে হাতি তাড়ানোর জন্য বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছিল। কিন্তু ১০ অক্টোবর নতুন করে হাতির পাল যে লোকালয়ে ঢুকেছে, তা গ্রামের কেউ বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে জানায়নি।
এদিকে দুটি হাতি হত্যার পর অন্য হাতিগুলো ভারতের সীমান্তের দিকে সরে গিয়েছিল। কিন্তু রোববার রাতে আবারও হাতির পাল মাখনের চর গ্রামে ঢোকে এবং ফসলি জমি নষ্ট করে গতকাল সকালের দিকে চলে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বন কর্মকর্তা মামুনুর বলেন, হাতি তাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, বাংলাদেশ-ভারতীয় সীমান্তের ১০৭৪-১০৭৫ নম্বর পিলারের মধ্যবর্তী প্রায় ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া না থাকায় হাতির পাল সহজেই বাংলাদেশের ওই গ্রামগুলোর সীমান্ত দিয়ে লোকালয়ে ঢুকছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ভারতীয় হাতির পাল যেসব এলাকা দিয়ে ঢোকে সেখানে বন বিভাগের নজরধারী বৃদ্ধি করা হবে।