একজন গ্রেপ্তার তিন বিষয় সামনে রেখে চলছে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারারক্ষী রুস্তম হত্যাকাণ্ড
কারারক্ষী রুস্তম হত্যাকাণ্ড

গাজীপুরের কাশিমপুর কারাগারের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদারকে হত্যার ঘটনায় হিমেল আহমেদ (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সম্ভাব্য তিনটি কারণ সামনে রেখে তারা তদন্ত শুরু করেছে।
রুস্তম আলীর স্ত্রী নাসরীন আক্তার গত সোমবার রাতে হিমেল আহমেদসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। হিমেল উত্তরা ইউনিভার্সিটির এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র। হিমেলের বাবা মো. হাসেন আলীর দাবি, তাঁর ছেলে কোনোভাবেই ওই ঘটনায় জড়িত নন।
নাসরীন আক্তার এজাহারে উল্লেখ করেন, জয়দেবপুর থানার দেওয়ালিয়া বাড়ি এলাকার হিমেল আহমেদ তাঁর দেবর শাহ আলমের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব পরিবার প্রত্যাখ্যান করায় ওই মেয়েকে অপহরণের চেষ্টাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন হিমেল। এ অবস্থায় চার-পাঁচ মাস আগে ওই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এরপর থেকে হিমেল ও তাঁর সঙ্গীরা রুস্তম আলীকে বিভিন্ন হুমকি দেওয়াসহ তাঁর গতিবিধি লক্ষ করতে থাকেন।
সোমবার কাশিমপুর কারাগারের প্রধান ফটক থেকে প্রায় ২০০ গজ দূরে আহাম্মদ মেডিসিন কর্নার নামের ওষুধের দোকানের সামনে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন। মোটরসাইকেলে আসা যুবক বয়সী তিন দুর্বৃত্ত ওই মোটরসাইকেলে করেই পালিয়ে যান।
এদিকে রুস্তম আলীর ছোট ভাই শাহ আলম বলেন, তাঁর ভাইকে হত্যার সঙ্গে হিমেলের কোনো সম্পৃক্ততা আছে বলে মনে হয় না। এ ছাড়া বিভিন্ন পত্রিকায় নাহিদা আক্তার রুম্পাকে (২২) তাঁর ভাইয়ের পালিত মেয়ে বলা হয়েছে, যা ঠিক নয়। রুম্পা তাঁর বড় ভাইয়েরই সন্তান।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, বাদীর দেওয়া এজাহারই মামলা হিসেবে নিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ সম্ভাব্য তিনটি বিষয় সামনে নিয়ে তদন্ত করছে। একটি হলো বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় হিমেলের মনে সৃষ্ট ক্ষোভ, দ্বিতীয়টি চাকরিতে থাকাকালে রুস্তম আলীর সঙ্গে কোনো আসামির কোনো বিবাদ হয়েছিল কি না এবং তৃতীয় হলো তিনি পারিবারিক অন্য ঝামেলায় পড়েছিলেন কি না।
ছয়টি গুলি করা হয়: রুস্তম আলীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন উদ্ধৃত করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস ছালাম সরকার বলেন, রুস্তম আলীর শরীরে ছয়টি গুলি করা হয়েছে। চারটি গুলি তাঁর শরীর থেকে বেরিয়ে গেছে। দুটি গুলি শরীরে রয়ে গেছে।
গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।