একজন গ্রেপ্তার, প্রধান আসামি পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রী সোনিয়া আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পূর্ব মেড্ডায়।

আহত সোনিয়ার (২০) বাড়ি নবীনগর উপজেলার শিবপুর গ্রামে। তিনি সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ির মোড়ে অবস্থিত জে এন ডেন্টাল পয়েন্ট ক্লিনিকে অফিস সহকারী হিসেবে খণ্ডকালীন চাকরি করেন।

সোনিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার জানতে চাইলে তাঁর ভাই রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, সোনিয়ার অবস্থা ভালো নয়। কপালের নিচ থেকে বাঁ চোখের ভ্রুর নিচের দিকে এবং বাঁ চোখের নিচ থেকে গালের দিকে জখম রয়েছে। তা ছাড়া তাঁর বাঁ হাতের কনুইয়ের ওপরের দিকে পাঁচ থেকে ছয়টি ছুরিকাঘাত করা হয়েছে।

সোনিয়া শনিবার সাংবাদিকদের বলেছিলেন, মামলার প্রধান আসামি তানভির রহমান কয়েক মাস ধরে কলেজে আসা-যাওয়ার পথে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি তানভিরের মা-বাবাকে তিনি জানান। কিন্তু কোনো প্রতিকার পাননি। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাতে তানভির মুঠোফোনে বিয়ের প্রস্তাব দেন। এতে তিনি অস্বীকৃতি জানান। সোনিয়া মুঠোফোনের ওই কথাবার্তা রেকর্ড করেন। পরে তানভিরের এক বোনকে রেকর্ডের এসব কথাবার্তা শোনান। এতে ক্ষিপ্ত হয়ে তানভির শনিবার বিকেল চারটার দিকে শহরের কালীবাড়ি মোড়ের জে এন ডেন্টাল পয়েন্টে ঢুকে সোনিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সোনিয়াকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার এই ঘটনায় শনিবার সন্ধ্যায় শহরের পীরবাড়ি এলাকার তানভিরের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে সদর থানায় মামলা হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তানভিরের বাবা মিজানুরকে শনিবারই আটক করে থানায় নেওয়া হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, তানভির পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।