একজন টাকা তোলেন আরেকজন বিচার চান
লালমনিরহাট সোনালী ব্যাংকে আপ্তার আলী নামের এক মুক্তিযোদ্ধার হিসাব নম্বর থেকে অপর এক আপ্তার আলী মুক্তিযোদ্ধা ভাতা তুলে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক বছর ধরে এই টাকা তোলা হচ্ছে। নিজেকে প্রকৃত আপ্তার আলী বলে দাবি করা ব্যক্তি এ বিষয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।
বর্তমানে লালমনিরহাট শহরের জুম্মাপাড়ার বাসিন্দা আপ্তার আলীর (৬০) নামে ভাতার টাকা উঠছে। এদিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের আপ্তার আলী (৫৮) নিজেকে ওই ভাতার প্রকৃত দাবিদার উল্লেখ করে ঘটনা প্রতিকারের জন্য ২০১২ সালে লালমনিরহাট সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
সোনালী ব্যাংক লালমনিরহাট শাখা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ জুন মুক্তিযোদ্ধা আপ্তার আলী নামের একটি হিসাব নম্বরটি খোলা হয়। ব্যাংক হিসাবে আপ্তার আলীর বাবার নাম বক্তার আলী, মায়ের নাম আমরন, গ্রাম জুম্মাপাড়া উল্লেখ করা হয়েছে। ২০০৫ সালে প্রকাশিত বাংলাদেশ গেজেটের (অতিরিক্ত) মুক্তিযোদ্ধা ক্রমিক নম্বর ৫০৪-এর সম্মানী ভাতা তোলার জন্য হিসাবটি খোলা হয়। ২০১৪ সালের ২৪ জুন থেকে ২০১৫ সালের ১৮ মে পর্যন্ত এই হিসাব নম্বর থেকে মোট ৯৬ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা তোলা হয়েছে।
কিন্তু যে গেজেটের ভিত্তিতে এই হিসাব নম্বরটি খোলা হয়েছে সেই গেজেটের ৫০৪ ক্রমিক নম্বরের মুক্তিযোদ্ধার নাম আপ্তার আলী ও বাবা বক্তার আলী হলেও গ্রাম কর্ণপুর (লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের একটি গ্রাম) বলে উল্লেখ রয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এই আপ্তার আলীর মায়ের নাম নেছাকড়ি।
গত বুধবার জুম্মাপাড়ার বাসায় গিয়ে ভাতা উত্তোলনকারী আপ্তার আলীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার স্থায়ী ঠিকানা দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে। আমার পালক বাবার নাম বক্তার আলী।’ তিনি আরও বলেন, ‘আমি নিজে ব্যাংকে যাই না। চেক বইয়ের সব পাতায় স্বাক্ষর দিছি, অন্য একজন মুক্তিযোদ্ধা নেতা আমার চেকের টাকা তোলেন।’ তবে ওই নেতার নাম বলতে সম্মত হননি এই আপ্তার আলী।
অভিযোগকারী কর্ণপুরের আপ্তার আলী (৫৮) বলেন, ‘আমার নামে যখন অ্যাকাউন্ট খোলার সময় আসে তখন আমি নারায়ণগঞ্জে একটা গ্যারেজে প্রহরীর কাজ করতাম। আমি এলাকায় না থাকায় সুযোগটা নিয়েছে অন্য লোক।’
মোগলহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার অমল চন্দ্র বলেন, ‘কর্ণপুর গ্রামের আপ্তার আলীর জন্য হিসাব নম্বর খুলতে গিয়ে দেখি জুম্মাপাড়ার আরেক আপ্তার আলী অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। তিনিই মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তুলছেন। কিন্তু এ আপ্তার আলী মোগলহাট ইউনিয়নের বাসিন্দা নন।’
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান বলেন, ঘটনা তদন্তের স্বার্থে দুবার ডাকা হলেও জুম্মাপাড়ার আপ্তার আলী আসেননি। আগামী রোববারও তিনি না এলে ঊর্ধ্বতন মহল ও মুক্তিযোদ্ধা কমান্ডারদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেব।’