একজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে ফেনী সদর উপজেলায় মাহমুদুল হক (৫৮) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রাশেদা আক্তার বাদী হয়ে মাহমুদুলের ভাতিজাসহ ১০ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার আলকদিয়া গ্রামের মাহমুদুল হকের সঙ্গে তাঁর ভাই ছাদেক হোসেনের ছেলে মোহাম্মদ পলাশের জমি নিয়ে বিরোধ চলছিল। পলাশ কিছুদিন আগে পরিবারের যৌথ মালিকানার ১০ শতক জমি বিক্রি করে দেন। এতে পারিবারিক বিরোধ বাড়ে। গতকাল শনিবার বিকেলে পলাশ ও ওই জমির ক্রেতা নুরুজ্জামান জমির দখল করতে যান। খবর পেয়ে মাহমুদুল হকও সেখানে যান। জমির দখল নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পলাশ ও নুরুজ্জামান তাঁকে মারধর করেন। স্থানীয় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।