একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
লালমনিরহাটের কালীগঞ্জে পিটুনিতে মোজাম্মেল হক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গত শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ৬০-৭০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘মোজাম্মেল নিহত হওয়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি নিজে বাদী হয়ে হত্যা মামলাটি করেছি।’
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রোববার বিকেলে সদর হাসপাতালের মর্গে মোজাম্মেলের লাশের ময়নাতদন্ত হয়েছে। মোজাম্মেলের ভাই দুলাল হোসেন লাশ গ্রহণ করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মোজাম্মেলের অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্তের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার রাতে কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের এমপি মোড়ে তানভীর সাবুর বাড়িতে তিন চাকার অটোকাভার্ড ভ্যান চুরি করতে গিয়ে মোজাম্মেল আটক হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে বেদম পিটুনি দেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। মোজাম্মেল হক জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা।