একজনকে মাইক্রোতে তুলে নিয়ে ৩৯ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পে ‘বন্দুকযুদ্ধের’ পর চার দুর্বৃত্তকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, র্যাব পরিচয়ে রাজধানীর মতিঝিল থেকে ৩৯ লাখ টাকাসহ এক ব্যক্তিকে অপহরণের পর টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে নামিয়ে দিয়ে পালানোর সময় তাদের ধরা হয়। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছে। ছিনতাই করা টাকার মধ্যে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এই বন্দুকযুদ্ধ হয়। আটক ব্যক্তিরা হলেন বাচ্চু (৪৫), হারুন (৪২), এনায়েত (৩৫) ও কামাল (৪০)। এঁদের মধ্যে ডান পায়ে গুলিবিদ্ধ বাচ্চু ও হারুনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের সঙ্গে গুলিবিনিময়কালে দুই উপপরিদর্শক (এসআই) শাহাদাত ও ইমরান এবং দুই কনস্টেবল আজম ও আবদুল হক আহত হন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিকেল পাঁচটার দিকে মতিঝিলের একটি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে ট্যুর ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জের কর্মচারী মো. জালাল (৪০) এক গ্রাহককে দিতে যাচ্ছিলেন। এ সময় র্যাব পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত জালালকে ওই টাকাসহ জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা অপহৃত জালালকে মারধর করে প্রায় তিন ঘণ্টা পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল প্রকল্পের কাছে চোখ বেঁধে নামিয়ে দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় জালাল থানায় এসে বিষয়টি জানালে পুলিশ ও ডিবির কয়েকটি দল ঝিলমিল প্রকল্প এলাকাসহ আশপাশের এলাকা ঘিরে ফেলে। অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে দুজন গুলিবিদ্ধসহ চার দুর্বৃত্তকে আটক করা হয়। ছিনতাই করা টাকার মধ্যে ১৫ লাখ টাকা, ছিনতাইকারীদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৬৫৯৭), একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, র্যাবের মতো তিনটি পোশাক, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এক দুর্বৃত্ত ছিনতাই করা বাকি টাকা নিয়ে পালিয়ে গেছে।
ওসি বলেন, এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
অপহরণ ও ছিনতাইয়ের শিকার জালাল বলেন, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে তাঁদের প্রতিষ্ঠানের এক গ্রাহককে দিতে যাওয়ার সময় র্যাবের মতো পোশাক পরা কয়েকজন অস্ত্র হাতে মামলার কথা বলে তাঁকে এলোপাতাড়ি মারতে মারতে মাইক্রোবাসে ওঠায়। এরপর তারা তাঁর চোখ বেঁধে ফেলে। পরে ৩৯ লাখ টাকা ও মোবাইল ফোন রেখে দিয়ে চোখ বাঁধা অবস্থায় তাঁকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। এলাকার লোকজন দেখে তাঁকে উদ্ধার করে। পরে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে ঘটনাটি জানান।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান সাংবাদিকদের বলেন, দুর্বৃত্ত দলটি র্যাব, ডিবি পুলিশের পরিচয়ে মানুষকে ধোঁকা দিয়ে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছিল। পালিয়ে যাওয়া দুর্বৃত্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।