একজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য সোহাগ আলী হত্যার ঘটনায় একমাত্র হামলাকারী সিহাবউদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি এই অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্র দেওয়ার বিষয়টি গতকাল মঙ্গলবার নিশ্চিত করেন মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি বলেন, আসামি সিহাবউদ্দিন মাদকাসক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার কোনো তথ্য–প্রমাণ পাওয়া যায়নি। গত বছরের ৬ নভেম্বর বিমান দেখার জন্য বিমানবন্দরে ঢুকতে গিয়ে তিনি আনসার সদস্যকে ছুরিকাঘাতে খুন করেন।
গত বছরের ৬ নভেম্বর সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালান এই যুবক। তাঁর ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ আলী নিহত এবং আনসার ও এপিবিএনের তিন সদস্য আহত হন। একপর্যায়ে আক্রমণকারী যুবককে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় করা হত্যা মামলাটি তদন্ত করে ডিএমপির সিটি বিভাগ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিটির সহকারী কমিশনার মো. মাহবুব আলম গতকাল প্রথম আলোকে বলেন, সিহাবউদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তাঁর মা-বোনের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন পর্যায়ে তদন্ত শেষ করে ৩ মাস ১৮ দিনের মাথায় তিনি গত ২৪ ফেব্রুয়ারি সিহাবউদ্দিনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন।
তদন্তে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা অভিযোগপত্রের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, সিহাবউদ্দিন মাদকসক্ত ছিলেন। গাঁজা সেবন করার জন্য তিনি সব সময় একটি ধারালো ছুরি সঙ্গে রাখতেন। কিছুদিন পরপর তিনি কর্মস্থল পরিবর্তন করতেন। ঘটনার দুই দিন আগে সর্বশেষ সিহাবউদ্দিন গাজীপুরের সখীপুর আনসার একাডেমির পাশে একটি লেদ মেশিনের কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। ঘটনার দিন, অর্থাৎ ৬ নভেম্বর দুপুরে কারখানার ব্যবস্থাপক ১২০ টাকা দিয়ে সিহাবউদ্দিনকে রং কিনতে পাঠান। তিনি রং না কিনে একটি বাসে উঠে গাজীপুর চৌরাস্তায় নামেন। সেখান থেকে আরেকটি বাসে উঠে শাহজালাল বিমানবন্দর চত্বরে নামেন।
অভিযোগপত্রে বলা হয়, সন্ধ্যায় সিহাবউদ্দিন হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মীদের মতো হলুদ গেঞ্জি পরে বের হওয়ার পথ দিয়ে বিমান দেখতে দ্রুত ১ নম্বর নিরাপত্তাচৌকি পার হন। ২ নম্বর নিরাপত্তাচৌকি পার হতে থাকলে কর্তব্যরত আনসার সদস্য তাঁর পরিচয় জানতে চেয়ে তাঁকে বাধা দেন। এ সময় সিহাবউদ্দিন বলেন, ‘আমি ডিজিটাল আকাশ, আমার কছে চাকু আছে, ধরলে কিন্তু আমি ঘাই দিমু।’ এরপর আনসার সদস্যরা তাঁকে জাপটে ধরলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় তিনি তিনজন আনসার ও এপিবিএন সদস্যকে ছুরিকাঘাত করেন। এ অবস্থায় ৪ নম্বর ফটক দিয়ে বিমানবন্দরে ঢুকতে গেলে কর্তব্যরত আনসার সদস্য সোহাগ আলী সিহাবউদ্দিনকে জাপটে ধরলে তিনি তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত সোহাগ আলী হাসপাতালে মারা যান। পরে কর্তব্যরত আনসার ও পুলিশ সদস্যরা রক্তমাখা ছুরিসহ সিহাবউদ্দিনকে আটক করেন।
সিহাব তাঁর মা ও বোনের সঙ্গে সখীপুরের আনসার একাডেমিসংলগ্ন বিশ্বাসপাড়ায় থাকতেন। তাঁর মা ও বোন অ্যাপেক্স জুতার কারখানার কর্মী। সিহাবউদ্দিন ওই কারখানায় চাকরি করলেও তা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মৃগীডাঙ্গায় যান। সেখানে তাঁর বাবা থাকেন।