একজনের মামলার ঘানি টানছেন অন্যজন!
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের দুই কর্মকর্তার গাফিলতি ও অসতর্কতার কারণে এক মাদক ব্যবসায়ীর মামলার ঘানি টানছেন নিরপরাধ এক বাসচালক। তিনি এখন দণ্ডভোগের দুশ্চিন্তায় রয়েছেন। নাটোরের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মাদকের একটি মামলায় এ ঘটনা ঘটেছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৮ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের পরিদর্শক আবদুল ওয়াহাব খান বড়াইগ্রাম উপজেলার মাড়িয়া এলাকায় একটি বাস তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিলসহ বাসের এক যাত্রীকে আটক করেন। আটক যাত্রী পরিচয় দেন তিনি নাটোর সদর উপজেলার দস্তানাবাদ স্কুলপাড়ার মো. হালিমের ছেলে মো. মিঠু (২৪)। ওই পরিচয়ে তাঁকে সে সময় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
দুই মাস সাত দিন হাজতবাস শেষে জেলা জজ আদালত থেকে তিনি ওই বছরের ১৫ জুলাই জামিনে ছাড়া পান। তাঁর নিয়োগ করা আইনজীবী ছিলেনআনিছুর রহমান। জামিনে যাওয়ার পর ওই আসামি আর আদালতে হাজিরা দিতে আসেননি। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি আদালত তাঁর জামিনাদেশ বাতিল করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইতিমধ্যে একই সার্কেলের উপপরিদর্শক সিরাজুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন যে আসামি মো. মিঠুর পরিচয় যাচাই করে নাম-ঠিকানা সঠিক পাওয়া গেছে। ওই অভিযোগপত্রের ভিত্তিতে মামলার চারজন সাক্ষীর একতরফা সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে।
সম্প্রতি নাটোর সদর থানার পুলিশ ওই পরোয়ানা নিয়ে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে জানতে পারেন, ওই পরিচয়ে যিনি ওই ঠিকানায় আছেন, তিনি কখনো এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে আটক হননি বা হাজতও খাটেননি। তিনি একজন বাসচালক। বিষয়টি জানাজানি হওয়ার পর বাসচালক মিঠু স্বেচ্ছায় গত বৃহস্পতিবার দুপুরে আদালতে এসে সব ঘটনা খুলে বলেন এবং পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য জামিনের আবেদন করেন। সবকিছু শুনে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। কিন্তু প্রতি তারিখে তাঁকে আদালতে হাজির থাকতে বলা হয়। মিঠুর আইনজীবী রুহুল আমিন তালুকদার বলেন, পুলিশ দীর্ঘদিনেওপ্রকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তিনি দাবি করেন, মিঠু কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকোনো সদস্যের হাতে গ্রেপ্তার হননি।
মো. মিঠু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২০ বোতল ফেনসিডিলসহ যে যুবককে গ্রেপ্তার করেছিলেন, তিনি কৌশলে পরিচয় গোপন করে তাঁর (মিঠু) নাম-পরিচয় লিখে দিয়েছেন। জামিনে ছাড়া পাওয়ার পর ওই যুবক পালিয়ে যাওয়ায় পুলিশ এখন মিঠুর পিছু নিয়েছে। আদালতের আদেশে তিনি মুক্তি পেলেও এখন মামলা নিয়ে দুশ্চিন্তায় আছেন। যদি সাজা হয়ে যায়, তাহলে নিরপরাধ হয়েও তাঁকে জেল খাটতে হবে।
আইনজীবী আনিছুর রহমান বলেন, আসামি জামিনে ছাড়া পাওয়ার পর পালিয়ে গেছেন। পরে যে ব্যক্তি আদালতে হাজির হয়েছেন, তিনি আগের আসামি নন। এখন পুরো বিষয়টি আদালতের বিবেচনাধীন।
মামলার বাদী আবদুল ওয়াহাব খান বলেন, আসামি ধরার পর তিনি যে পরিচয় দিয়েছেন তা-ই তিনি এজাহারে লিখেছেন। তাৎক্ষণিক তাঁর নাম-ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, অনেক দিন আগের ঘটনা। এ ব্যাপারে তাঁর কিছু মনে নেই।
সচেতন নাগরিক কমিটি (সনাক) নাটোরের সভাপতি রেজাউল করিম দাবি করেন, তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করলে হয়তো আজকে এ অবস্থার সৃষ্টি হতো না। তিনি ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।