পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার ঢাকায় মারা গেছেন। এ ছাড়া গত বুধবার রাতে ও বৃহস্পতিবার পঞ্চগড়, বরিশাল ও মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রায় ৭০ জন আহত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত শাহজাহান মৃধা (৪৩) গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ জানায়, নির্বাচনের আগের দিন সোমবার রাতে ইউনিয়নের আদমপুরা বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী আনোয়ার হোসেন মৃধা ও বিএনপির প্রার্থী সৈয়দ মাহফুজুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাহজাহান গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। বিএনপির প্রার্থী মাহফুজুর রহমান শাহজাহানকে তাঁদের কর্মী বলে দাবি করছেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড়: তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নে ভোট পুনরায় গণনার দাবিতে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী তাহমিদ মিল্টনের সমর্থকেরা গতকাল বিকেলে ইউএনও কার্যালয়ে হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চার পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী তাহমিদ মিল্টনের কয়েক শ সমর্থক ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন তাঁদের শান্ত করার চেষ্টা করেন। আওয়ামী লীগের সমর্থকেরা উল্টো ইউএনও কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
বরিশাল: বুধবার রাতে গৌরনদী ও উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতায় ৪৫ আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি।
পুলিশ জানায়, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদের প্রার্থী শাহাদাত হাওলাদারের সমর্থকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আরেক প্রার্থী সুলতান ফকিরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। এতে অনেক আহত হন। এ ছাড়া বাটাজোর ইউনিয়নের বিজয়ী ইউপি সদস্য প্রার্থী আনিচুর রহমানের সমর্থকেরা হামলা চালিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিনয় ঋষি দাসের পাঁচজন সমর্থককে আহত করেছেন।
মুন্সিগঞ্জ: সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের রাজনগর ও ছোট মধ্যনগর গ্রামে গতকাল সকালে বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
গতকাল রাতে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।