একজনের সঙ্গে বিরোধ, অন্যজন ঘটনার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু ছিদ্দিক,ফরিদুল আলম
আবু ছিদ্দিক,ফরিদুল আলম

কাঠ ব্যবসা নিয়ে বিরোধের কারণে খুন হয়েছেন আবু ছিদ্দিক। ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হয়েছে ফরিদুল আলমের। দুই ভাই খুনের বিষয়ে পুলিশের প্রাথমিক তদন্ত ও স্বজনদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। 
নিহত দুজনের বড় ভাই মঈনুদ্দিন খান গতকাল শনিবার আরেক কাঠ ব্যবসায়ী মো. আইয়ুব আলীকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত ২০ আসামির মধ্যে জিয়াউর রহমান ও লোকমান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার রাতে চান্দগাঁওয়ের খাজা রোডে বাড়ির কাছে খুন হন দুই ভাই। তাঁরা প্রতিবেশীর জানাজায় অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রথমে আবু ছিদ্দিকের ওপর হামলা হয়। অন্য ভাই ফরিদুল বাসায় পৌঁছানোর পর খবর পান ছিদ্দিকের ওপর হামলা হয়েছে। তিনি সেখানে ছুটে যান। এরপর তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ফরিদুলও কাঠের ব্যবসা করেন।
পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইয়ুব আলীর সঙ্গে আবু ছিদ্দিকের কাঠ ব্যবসা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। ছিদ্দিকের কেনা সেগুন কাঠ শুক্রবার দুপুরে আইয়ুবের লোকজন জোর করে ছিনিয়ে নেন। আইয়ুবের বাড়ির কাছে কাঠগুলো রাখা হয়। সন্ধ্যায় কাঠ উদ্ধার করেন ছিদ্দিক। এরপর রাত পৌনে ১১টার দিকে আইয়ুবের নেতৃত্বে ৩০-৪০ জন লোক ছিদ্দিকের ওপর হামলা চালায় বলে নিহত দুই ভাইয়ের পরিবার অভিযোগ করেছে।
চান্দগাঁও খাজা রোডের বাদামতল মোড়ে পারভিন এন্টারপ্রাইজ নামে আবুর কাঠের দোকান রয়েছে। তাঁদের বাড়ি খাজা রোডের বাদামতলের মুন্সিপাড়ায়। বাড়ি ও দোকানের দূরত্ব ২০০ গজ। বাড়ি ও দোকানের মাঝামাঝি একটি পুকুরপাড়ে দুই ভাইকে হত্যা করা হয়। আইয়ুবের বাড়ি খাজা রোডের কোলাপাড়ায়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, বিরোধ ছিল আবুর সঙ্গে, তাঁর ওপরই হামলা হয়েছে। ফরিদ সেখানে হাজির হওয়ায় তাঁকেও মেরেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি কাঠ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে খুন হয়েছে। নেতৃত্বে ছিল আইয়ুব ও মোরশেদ। তাদের ধরার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।’
সরেজমিনে গতকাল সকালে খাজা রোডের পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কালচে রক্ত জমাট বেঁধে আছে। বাড়ির কাছে যেতেই বিলাপের শব্দ শোনা যায়। ফরিদের স্ত্রী নিলু আক্তার বলেন, ‘আমার স্বামী নিরপরাধ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি জড়িতদের ফাঁসি চাই।’

নিহত দুজনের চাচাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হাছান বলেন, ‘আবু রাত সাড়ে ১০টার দিকে আমাকে ফোন করে বলে, তাকে কারা যেন মারতে আসছে। তখন আমি ঘর থেকে বের হয়ে দেখি আইয়ুবের নেতৃত্বে একদল লোক “ধর ধর, আবুকে ধর” বলে লাঠিসোঁটা নিয়ে চিৎকার করছে।’
মামলার বাদী মঈনুদ্দিন অভিযোগ করেন, ‘আমার ভাই (আবু) সরাসরি পার্টি থেকে কাঠ কিনত। সেই কাঠ আইয়ুব নিয়ে চলে যায়। এরপর রাতে জানাজা থেকে ফেরার সময় আইয়ুব ও মোরশেদের নেতৃত্বে আবুর ওপর হামলা হয়।’

দুর্বৃত্তের হামলায় খুন হয়েছেন দুই ভাই আবু ছিদ্দিক ও ফরিদুল আলম। শুক্রবার রাতে চট্টগ্রামের খাজা রোডে বাড়ির কাছেই তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। ফরিদুলের স্ত্রী কী বলে সান্ত্বনা দেবেন সন্তানদের। গতকাল তোলা ছবি l প্রথম আলো
দুর্বৃত্তের হামলায় খুন হয়েছেন দুই ভাই আবু ছিদ্দিক ও ফরিদুল আলম। শুক্রবার রাতে চট্টগ্রামের খাজা রোডে বাড়ির কাছেই তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। ফরিদুলের স্ত্রী কী বলে সান্ত্বনা দেবেন সন্তানদের। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নিহত দুই ভাইকে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী দাবি করে খাজা রোডের বলিরহাট এলাকায় আনন্দ মিছিল করেছেন ১৫-২০ জন। অনেককে মিষ্টিমুখও করতে দেখা যায়।
তবে নিহত দুজনের স্বজনেরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। নিহত ব্যক্তিদের বড় ভাই মঈনুদ্দিন বলেন, ‘খুনের মামলা থেকে বাঁচতে আইয়ুবের লোকজন এই কৌশল নিয়েছে। আমার ভাইরা নিরীহ।’
বলিরহাট এলাকার ফার্নিচার এন্ড টিম্বার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলম বলেন, যাঁরা মিছিল করেছেন তাঁরা একপক্ষের লোক। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ জানান, নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। অপরাধীর তালিকায় তাঁদের নাম নেই।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বলেন, দুই ভাই খুনের নেপথ্যে কাঠ ব্যবসা নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি জমিসংক্রান্ত কারণও থাকতে পারে। পুলিশ সবকিছুই তদন্ত করছে। তিনি বলেন, ‘লোকজনের সঙ্গে কথা বলে শুনেছি খুন হওয়া দুজনের বিরুদ্ধেও একটু-আধটু অভিযোগ রয়েছে।’