একটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠে বেশ কয়েকটি জখমের চিহ্ন। লাল হয়ে ফুলে উঠেছে সেগুলো। ঘরের বারান্দায় বসে যন্ত্রণায় কান্নাকাটি করছে সাত বছরের শিশুটি। গাছ থেকে একটি আম ছেঁড়ার অভিযোগে তাকে ধাতব তার দিয়ে বেদম পেটানো হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটির নাম মো. বাদল। সে একই গ্রামের দিনমজুর মোশারফ খানের ছেলে। স্থানীয় সামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র বাদল।
নির্যাতিত শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির উঠানে সহপাঠী তামিমের সঙ্গে খেলা করছিল বাদল। সন্ধ্যার দিকে বাড়ির গাছ থেকে একটি আম ছেঁড়ে তারা। তা দেখে বাড়ির মালিক আবদুর রশিদ খেপে যান। তিনি ধাতব তার হাতে নিয়ে শিশু দুটিকে ধাওয়া করেন। তামিম পালিয়ে গেলেও বাদলকে ধরে ওই তার দিয়ে এলোপাতাড়ি পেটান তিনি। শিশুটিকে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কথা হয় গ্রামের মাতব্বর শাজাহান হোসেন ও আকতার আলীর সঙ্গে। তাঁরা বলেন, আবদুর রশিদ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের একজন। তিনি শিশুটি ওপর অমানবিক নির্যাতন করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে। অন্যথায় পরিবারটিকে আইনগত সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে।