একটি দরপত্রে চার কোটি টাকার অদ্ভুত ভুল
রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একটি দরপত্রে প্রায় চার কোটি টাকার অদ্ভুত ভুল ধরা পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্য এটিকে কমিয়ে দুই কোটি ৩৪ লাখ টাকায় এনেছে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারদের অভিযোগ, আত্মসাতের জন্য ইচ্ছাকৃতভাবে এই বিপুল পরিমাণ টাকার অঙ্কের ভুল দেখানো হচ্ছে।
এ নিয়ে রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভেতরে গতকাল সোমবার সকালে দুই পক্ষের ঠিকাদারদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়।
রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের পানি সরবরাহ ও বিশুদ্ধকরণ প্রকল্পের জন্য গত এপ্রিল মাসে দরপত্র আহ্বান করা হয়। এ কাজের জন্য ২০টি শিডিউল বিক্রি হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে একটি ও রাজশাহী কার্যালয়ে ছয়টি দরপত্র জমা পড়ে। সংশ্লিষ্ট ঠিকাদারেরা বলছেন, সিন্ডিকেট করে সাতটি দরপত্র ফেলা হয়েছে। সাধারণ ঠিকাদারেরা দরপত্র ফেলতে পারেননি। গত ১৫ জুন অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে কবির হোসেন কাজটি পান। তাঁর দর ছিল সাত কোটি ৬৫ লাখ টাকা।
এদিকে কার্যাদেশ দেওয়ার আগেই কাজটির দর বাড়িয়ে নয় কোটি ৯৯ লাখ টাকা ঘোষণা করা হয়; যা সর্বোচ্চ দরদাতার প্রদত্ত দরের চেয়েও দুই কোটি ৩৪ লাখ টাকা বেশি। ঠিকাদারদের অভিযোগ, আত্মসাতের উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে দর বাড়ানো হয়েছে।
কাজ না পাওয়া ঠিকাদারেরা কাজটির পুনঃ দরপত্র আহ্বান করার দাবি জানান। অন্যদিকে কাজ পাওয়া ঠিকাদার আগের দরপত্র বহাল রাখার দাবি তোলেন।
জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দীন মৃধা বলেন, বিভিন্ন দফা যোগ করার সময় ভুলবশত তিন কোটি ৮৬ লাখ টাকা বেশি হয়ে গিয়েছিল। তুলনামূলক বিবরণী প্রস্তুতের সময় বিষয়টি ধরা পড়ে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা কয়েকটি দফা বাদ দিয়ে টাকার পরিমাণ কমিয়ে নয় কোটি ৯৯ লাখ টাকা করে দিয়েছে। এর পরও দুই কোটি ৩৪ লাখ টাকা বেশি রয়েছে। এ জন্য এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। ২২ আগস্ট প্রকল্প পরিচালক রাজশাহীতে আসবেন। তিনি এলে তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দেওয়া হবে।