একটি পরিবার একঘরে, তিন মাতব্বর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় তালাক দেওয়া স্ত্রীকে ঘরে তোলায় লইমুদ্দিন প্রামাণিক (৫২) নামের এক ব্যক্তির পরিবারকে একঘরে করা হয়েছে। এর জের ধরে  লইমুদ্দিনকে পিটিয়ে আহত করায় তিন মাতব্বরকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুপচাঁচিয়ার উনাহতসিংড়া গ্রামের এ ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় লইমুদ্দিনের ছেলে এলাহী (২৮) বাদী হয়ে চারজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেন। পুলিশ গত রোববার রাতে তিন মাতব্বরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গ্রামের নওফেল আকন্দ (৫৮), খায়রুল বারী (৫৬) ও সোয়াইব আকন্দ (৪৫)। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, লইমুদ্দিন প্রামাণিক ১৬ বছর আগে তাঁর স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। এর কিছুদিন পর লইমুদ্দিন দ্বিতীয় বিয়ে করেন। গত ১৭ জানুয়ারি আবার প্রথম স্ত্রীকে ঘরে তোলেন। এতে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে সালিস বসায়। সালিসে হিল্লা বিয়ে দিয়ে লইমুদ্দিনের প্রথম স্ত্রীকে শরিয়ত মতে আবার বিয়ের পক্ষে রায় দেন গ্রাম্য মাতব্বররা। লইমুদ্দিন সালিস না মানায় তাঁকে সমাজচ্যুত করেন মাতব্বররা। এর জের ধরে ১৭ মে লইমুদ্দিন নিজ বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে কয়েকজন মাতব্বর তাঁকে পিটিয়ে আহত করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় লইমুদ্দিনকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, গ্রাম্য সালিসে ফতোয়া ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। তিন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেকজন পলাতক।