একটি পরিবার সাত দিন ধরে একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিবাদের জের ধরে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোর গ্রামের কৃষক মোজদার আলী মণ্ডলের পরিবারকে সাত দিন ধরে ‘একঘরে’ করে রাখা হয়েছে।
কৃষক মোজদার আলী মণ্ডল দাবি করেন, যে সালিসে তাঁকে একঘরে করা হয়েছে, সেই বৈঠকে মাতবরেরা তাঁকে ডাকেননি। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন। এ কারণে গ্রামের মাতবরেরা তাঁকে বাড়ির বাইরে গেলে মারধর করবেন বলে হুমকি দিয়েছেন। তাই ভয়ে তিনি বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না। ফলে খেতের সবজি তুলে আনতে ও ধানের চারা রোপণ করতে পারছেন না।
এ প্রসঙ্গে ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, ওই কৃষককে গ্রাম্য সালিসে একঘরে করে রাখার অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগের আলোকে থানার পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের ছয়জন মাতবর তাঁদের কথামতো না চলায় ১০ জানুয়ারি রাতে সালিসের মাধ্যমে ওই কৃষককে একঘরে করেছেন। তাঁর বিরুদ্ধে ছেলেবউকে নির্যাতনের মিথ্যা অভিযোগ করা হয়েছে। একঘরে করায় তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে বিদ্যালয়ে যেতে পারছে না।
মোজদার আলী মণ্ডলের ছেলে ওমর ফারুক অভিযোগ করেন, ১ জানুয়ারি তিনি শ্বশুরবাড়ি গেলে ওই মাতবরদের নির্দেশে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঘরে আটকে রেখে দুই দিন ধরে মারধর করে। এর পরও মাতবরেরা সালিসে তাঁদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে একঘরে করেছেন। তিনি আরও বলেন, মাতবরদের নির্দেশে গত ১৫ ডিসেম্বর তাঁর স্ত্রী নূরুন্নাহার খাতুন বাবার বাড়িতে চলে যান। এরপর আর তাঁর বাড়িতে ফিরে আসেননি।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, ওই কৃষক ও তাঁর পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ঘোরাফেরা করছেন। গ্রামের দু-একজন তাঁদের সঙ্গে দেখা করতে এলেও মাতবরদের ভয়ে খড়ের পালা, ঘর বা গাছের আড়ালে গিয়ে কথা বলছেন।
ওই গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম বলেন, গ্রামের মাতবরেরা সালিসে মোজদারের পরিবারকে একঘরে করেছেন। এ কথা তাঁকেও জানানো হয়েছে। একই কথা বলেন গ্রামের আরেক কৃষক হেলাল উদ্দিন খাঁ।
এ ব্যাপারে সালিসকারী মাতবর হায়দার আলী খাঁ দাবি করেন, মোজদারের ছেলে ওমর ফারুক তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এ কারণে সালিসে তাঁর পরিবারকে একঘরে করা হয়েছে।
আরেক মাতবর মো. রাজু বলেন, মোজদারের পরিবারকে সংশোধন করার জন্য সালিসে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।