একটি বিদ্যালয়ে চুরি, তিনটির তালায় আঠা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরে গত বুধবার রাতে একটি বালিকা বিদ্যালয়ের কম্পিউটার চুরি হয়েছে। একই রাতে আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের তালায় আঠা লাগিয়েছে দুর্বৃত্তরা।
রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মুখোশ পরা ১০-১২ জনের একটি দল উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা নৈশপ্রহরী আবদুল কুদ্দুসকে বেঁধে বিদ্যালয়ের কম্পিউটার কক্ষ, গ্রন্থাগার ও বিজ্ঞানাগারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। এ সময় তারা একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
একই রাতে উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুণগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোমেনা-মোশারফ পৌর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ১৪টি কক্ষের তালা সুপার গ্লু ও বালু দিয়ে আটকে দিয়েছে দুর্বৃত্তরা।
গুণগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেল্লাল হোসেন বলেন, ‘সকালে স্কুলে এসে দেখি সব তালার মধ্যে আঠা আর বালি দিয়ে আটকে দেওয়া হয়েছে।’ মোমেনা-মোশারফ পৌর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, কারা এ কাজ করেছে তা বোঝা যাচ্ছে না।
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, রায়গঞ্জের ইউএনও সকালে বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।