গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অস্ত্রাগারের একটি চায়নিজ রাইফেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে জয়দেবপুর থানায় কারা কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের প্রধান কারারক্ষী সিরাজ হাওলাদারকে বরখাস্ত করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারাগারে গত রোববার বিকেলে অস্ত্রাগারের অস্ত্রের হিসাব মেলাতে গিয়ে একটি রাইফেল পাওয়া যায়নি। ওই দিন বিকেল পাঁচটার দিকে অস্ত্রাগারের দায়িত্বে থাকা প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলাম রাইফেল না পাওয়ার খবরটি ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানান। এরপর কারাগারের ভেতরে বিভিন্ন স্থানে খোঁজ করেও অস্ত্রটির হদিস পাওয়া যায়নি। রাতে বিষয়টি কারা মহাপরিদর্শককে জানানো হয় এবং গতকাল জয়দেবপুর থানায় জিডি করা হয়।
হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনার তদন্তে রাতেই কারা মহাপরিদর্শক মো. ইফতেখার উদ্দিন রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার দায়ে প্রাথমিকভাবে ওই কারাগারের প্রধান কারারক্ষী সিরাজ হাওলাদারকে গতকাল রাতে বরখাস্ত করা হয়েছে।
জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান বলেন, ঘটনাটি অনুসন্ধানের জন্য থানার পরিদর্শক (তদন্ত) মো. আলম চাঁদকে দায়িত্ব দেওয়া হয়েছে।