একটি 'জঙ্গি আস্তানা' থেকে গুলির শব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সন্দেহে থাকা দুটি জঙ্গি আস্তানার মধ্যে একটির কাছ থেকে থেমে থেমে গুলির শব্দ শুনতে পাওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় লোকজন।

সন্দেহজনক এই জঙ্গি আস্তানা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায় অবস্থিত।

গতকাল মঙ্গলবার রাত থেকে কথিত এই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রায় একই সময় থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত সন্দেহজনক আরেকটি জঙ্গি আস্তানা ঘিরে রাখা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ বুধবার সকালে প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

নাসিরপুর গ্রামের আনকার মিয়া বলেন, ফজরের নামাজ আদায় করতে ভোররাতে ঘুম থেকে ওঠেন তিনি। তখন থেকে থেমে থেমে বেশ কয়েকবার গুলির শব্দ শুনেছেন।

স্থানীয় আরও কয়েক ব্যক্তি গুলির শব্দ শোনার তথ্য জানিয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, সন্দেহজনক দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে।