একদিকে পুলিশকে ব্যস্ত রেখে অন্যদিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় গতকাল বুধবার সকালে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। দুই দিন আগে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ঘোষণা দিলেও সমাবেশ করতে পারেনি তারা।
বিএনপি যাতে কোনোভাবেই এই সমাবেশ করতে না পারে, পুলিশ সকাল থেকে এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে জেলা শহরে অন্তত ছয়টি স্থানে একযোগে বিক্ষোভ করে দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালান ছাত্রদলের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিএনপি যাতে সমাবেশ করতে না পারে, সে জন্য সমাবেশস্থলে যেতে সুনামগঞ্জ-সিলেট সড়ক ও সুনামগঞ্জ-দিরাই সড়কে বিএনপির নেতা-কার্মীদের বাধা দেওয়া হয়। মদনপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই সুযোগে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ওয়েজখালী, ষোলঘর, কাজীর পয়েন্ট, বক পয়েন্ট, জামাইপাড়া এলাকায় একযোগে বিক্ষোভ করে যানবাহন ভাঙচুর শুরু করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মার্কেন্টাইল ব্যাংক এবং বাটা ও বাটারফ্লাইয়ের শো রুমে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং সেখানে কয়েকটি লেগুনা ভাঙচুর করেন তাঁরা। একই সময় ওয়েজখালী পয়েন্টে দুটি যাত্রীবাহী বাস ও কয়েকটি লেগুনা ভাঙচুর করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের এক নেতা জানান, জেলা ছাত্রদলের নেতা তফাজ্জুল হোসেন ও নুর জালাল ওরফে মন্টির মুক্তির দাবিতে এই বিক্ষোভ করেছেন তাঁরা।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, হঠাৎ করেই শহরের কয়েক জায়গায় মিছিল ও যানবাহন ভাঙচুরের চেষ্টা করা হয়। কিন্তু পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আটক ৭: সুনামগঞ্জের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের সাতজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।