একদিকে বালু উত্তোলন, অন্যদিকে ভাঙন
হালদা নদ থেকে অবৈধভাবে বালু তোলার ফলে চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ও কয়েক শ একর ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে আরও দুটি গ্রাম এবং নাজিরহাট-কাজীরহাট সড়ক।
ইউনিয়নের ভাঙ্গাদীঘি এলাকার জসিম উদ্দিন জানান, ‘অব্যাহত ভাঙনে তিনিসহ শতাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে। বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে অনেকেই অন্যের জমিতে কুঁড়েঘর তুলে জীবন যাপন করছেন।’
পূর্ব সুয়াবিল গ্রামের মো. সাইফুদ্দিন বলেন, ‘হালদার বালু আমাদের জীবনের কাল। মানুষ অতি লোভে বালু তোলার কারণে আমাদের বাড়িঘর ভাঙছে। কিন্তু প্রশাসন এসব দেখে না। আমরা এই বালু তোলা বন্ধের দাবি করছি।’
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিছুদিন আগেও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে নদের কত দূর পর্যন্ত ফটিকছড়ি পড়েছে এর সীমানা স্পষ্ট নয়। তাই অনেক ব্যবসায়ীকে ধরলেও তাঁরা সীমানার বাইরে বলে জানান। এ ক্ষেত্রে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলা প্রশাসন আমাদের নিয়ে যৌথভাবে অভিযান চালালে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব।’
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে নদের নাজিরহাট অংশ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। সরকারিভাবে নির্দিষ্ট বালুমহাল ইজারা দেওয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী অপরিকল্পিতভাবে বালু তুলছেন। এ কারণে চলতি মৌসুমে নদের নাব্যতা কমে গেলেও ভাঙন অব্যাহত রয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে তীরবর্তী পূর্ব সুয়াবিল, পানাউল্লাহপাড়া ও পাঁচ পুকুরিয়া গ্রামের কয়েক শ বসতবাড়ি, ফসলি জমি ও নাজিরহাট-কাজীরহাট সড়ক।
সরেজমিনে দেখা যায়, হালদার পাড় ঘেঁষে জেগে উঠেছে চর। নাজিরহাট কলেজসংলগ্ন একদিকে চলছে নদের ভাঙন, অন্যদিকে বালু উত্তোলন। পানির স্রোত কম থাকায় ধীরগতিতে পাড় ভাঙছে। নদের বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে অন্তত ১০ থেকে ১২টি নৌকায় বালু তোলা হচ্ছে। দেশীয় খননযন্ত্রের মাধ্যমে নদের গভীর থেকে তোলা পানিসহ বালু রাখছে নৌকায়। সেখান থেকে পানি সরে যাওয়ার পর বালু নিয়ে ফেলা হচ্ছে নদের পাড়ে। ওই বালু পরে ট্রাক ও চাঁদের গাড়িতে পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, নদের এই পারে ফটিকছড়ি আর ওই পারে হাটহাজারী উপজেলা। দুই পারের কিছু প্রভাবশালী ব্যক্তির সিন্ডিকেট অবৈধভাবে এই বালু উত্তোলনে জড়িত। এর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন নেতা। নদের ফটিকছড়ি অংশের বালুর মান ভালো হওয়ায় তাঁরা এ অংশে অনুপ্রবেশ করে বালু তুলছেন।
নাজিরহাট এলাকার বালু ব্যবসায়ী মো. বাবুল বলেন, ‘পরিকল্পিতভাবে বালু তুললে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু ব্যবসায়ী নিয়মনীতি মানছেন না। ফলে চরমভাবে হুমকিতে হালদা পারের বাসিন্দারা।’