এক দিন পর মিলল প্রকৌশলীর লাশ

নিখোঁজের এক দিন পর ঢাকার শুক্রাবাদ এলাকার নির্মাণাধীন ভবন থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে শুক্রাবাদের নির্মাণাধীন ভবনে লিফট তৈরির ফাঁকা জায়গায় তাঁর লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম রকিবুল্লাহ রিমন। গত শনিবার সন্ধ্যা থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে রাজধানীর নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।
লাশ পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শুক্রবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, শনিবার দুই সন্তানকে এক আত্মীয়ের বাসায় দিয়ে নিজের বাসায় ফিরছিলেন রকিবুল্লাহ রিমন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে নিউমার্কেট থানায় জিডি করা হয়।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।