একনেকে অনুমোদনের ছয় মাসেও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের ছয় মাস পেরিয়ে গেলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ নড়াইলের লোহাগড়ার কালনা ফেরিঘাট সেতুর নির্মাণকাজ শুরু হয়নি।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি একনেক সভায় এ সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকা। ৬৮০ মিটার দীর্ঘ এবং ১৮ দশমিক ২০ মিটার প্রস্থের এই চার লেনবিশিষ্ট সেতুর নির্মাণকাজ ২০১৪ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০১৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের কাছ থেকে পাওয়া সেতু প্রকল্পের সারসংক্ষেপে বলা হয়েছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের ৭০ থেকে ৮০ ভাগ সম্পাদিত হয়। এ সেতু নির্মিত হলে প্রস্তাবিত পদ্মা সেতুর মাধ্যমে বেনাপোল স্থলবন্দর, যশোর, সাতক্ষীরা এবং নড়াইল জেলার সঙ্গে রাজধানী ঢাকার নিরবচ্ছিন্ন ও সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সড়ক পথে ওই সব জেলার সঙ্গে ঢাকার দূরত্বও কমবে। এ ছাড়া আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী জানান, বর্তমান প্রধানমন্ত্রী নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নড়াইলে নির্বাচনী জনসভায় কালনা পয়েন্টে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান যোগাযোগমন্ত্রী দুবার এখানে এসে ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন। তাঁরা জানান, সিরিয়ালের নামে চাঁদাবাজি, কয়েক গুণ বেশি টোল আদায়সহ নানা কারণে এ ফেরিঘাটে জনভোগান্তি চরমে উঠেছে।
ফেরিচালক নজরুল ইসলাম বলেন, এ ঘাটে পুরোনো দুটি ছোট ফেরি রয়েছে। প্রায়ই জোয়ার-ভাটা, কুয়াশা ও নাব্যতা-সংকটের কবলে পড়ে ফেরি চলাচল। ফলে প্রতিনিয়তই নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ জট দেখা দেয়।
গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, এখানে সেতু নির্মাণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল নকশা প্রণয়নের কাজ করছে। নকশা হাতে পেলে দরপত্র আহ্বান করা হবে।
গত ২০ জুলাই প্রথম আলোয় ‘কালনা ফেরিঘাটে সীমাহীন দুর্ভোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।