একমাত্র আসামি গ্রেপ্তার হয়নি, আহতদের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজশিক্ষিকা কৃষ্ণা হত্যা
কলেজশিক্ষিকা কৃষ্ণা হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে কলেজশিক্ষিকাকে হত্যা এবং তাঁর স্বামী ও দুই মেয়েকে আহত করার ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ মামলা হয়। তবে এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলামকে গতকাল বুধবারও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওই ঘটনায় আহত তিনজন সিতাংশু শেখর বিশ্বাস (৪৮), তাঁর মেয়ে শ্রোভনা বিশ্বাস (১৫) ও অদিতিয়া বিশ্বাসের (৮) অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সিতাংশু শেখর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকৌশল বিভাগের উপপরিচালক। তাঁর স্ত্রী নিহত কৃষ্ণা কাবেরী বিশ্বাস (৩৫) ছিলেন আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলাটি করেন সিতাংশুর ভাই সুধাংশু শেখর বিশ্বাস। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে বলা হয়, সোমবার রাতে একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা জহিরুল ইসলাম কেক ও ফুল নিয়ে তাঁর পরিচিত সিতাংশু শেখরের বাসায় যান। সেখানে তিনি সিতাংশুকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খাইয়ে অচেতন করে প্রথমে তাঁকে, পরে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করে বাসায় ও কৃষ্ণার পরনের শাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান। এজাহারে হামলার কারণ উল্লেখ করা হয়নি।
এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, হত্যাকারী জহিরুলকে শনাক্ত করা গেলেও তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে মোহাম্মদপুর থানার পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল তৎপর আছে। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে ব্যাপারে বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছে তাঁর ছবি ও সীমান্তে বার্তা পাঠানো হয়েছে। তাঁকে ধরতে পারলে হামলা করার ও আগুন দেওয়ার কারণ বেরিয়ে আসবে।
বিপ্লব সরকার বলেন, ব্রোকারেজ হাউসের কর্মকর্তা জহিরুলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সিতাংশুর। তাঁর মাধ্যমে সিতাংশু শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন। সেই সুযোগ নিয়ে হয়তো জহিরুল জন্মদিনের শুভেচ্ছার নামে সিতাংশু, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করতে ওই বাসায় গিয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর সিতাংশুর জন্মদিন ছিল। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ ছাড়াও সিতাংশুর সঙ্গে জহিরুলের অন্য কোনো শত্রুতা আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
সিতাংশুর ঘনিষ্ঠজনদের সন্দেহ, শেয়ারবাজারে বিনিয়োগ করা টাকা আত্মসাৎ করতেই জহিরুল পরিকল্পনা অনুযায়ী সপরিবারে সিতাংশুকে হত্যার জন্য ওই ঘটনা ঘটিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে, জহিরুল সঙ্গে করে আনা কেক কাটার সময় মোমবাতি জ্বালাননি। হাতুড়ি দিয়ে সবাইকে আঘাত করার পর তিনি ঘরের একাধিক স্থানে ও কৃষ্ণার পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে আগুন নেভানোর কারণে মেঝেতে অনেক পানি জমে যাওয়ায় আলামত সংগ্রহ করা যায়নি। ওই বাড়ির নিরাপত্তাব্যবস্থা ছিল খুব দুর্বল। কোনো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নেই।
মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা সিতাংশু ও অদিতিয়ার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ রেজা প্রথম আলোকে বলেন, সিতাংশু ও অদিতিয়ার মাথায় গতকাল অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার শ্রোভনার ভেঙে যাওয়া আঙুলে অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালে ছিল উদ্বিগ্ন স্বজনদের ভিড়। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে কৃষ্ণা কাবেরীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমঘরে রাখা হয়েছে। সিতাংশুর ভাই সুধাংশু গতকাল বলেন, সিতাংশুর সঙ্গে কথা বলতে চিকিৎসকের অনুমতি পেলে তাঁর মত অনুযায়ী কৃষ্ণার মরদেহের সৎকার করা হবে। তাঁর মৃত্যুর খবর এখনো স্বামী ও মেয়েরা জানে না। তিনি বলেন, সিতাংশু ও দুই মেয়েকে তত্ত্বাবধানকারী চিকিৎসক তাঁকে বলেছেন, হাতুড়ির আঘাতে সিতাংশু ও অদিতিয়ার মাথার খুলি কিছুটা দেবে গেছে। তবে এতে ভয়ের কিছু নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের একজন চিকিৎসক বলেন, সিতাংশু ও অদিতিয়ার অবস্থা উন্নতির দিকে। তাঁরা কথা বলছেন। শ্রোভনার অবস্থাও আশঙ্কামুক্ত। কিছুদিন চিকিৎসা নিলে তাঁরা সবাই সুস্থ হয়ে উঠবেন।